BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১০
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সদস্যকে এলাকা ছেড়ে যেতে হবে এটি কোথাও নেই: তথ্যমন্ত্রী


জুন ১৪, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সংসদ সদস্যকে এলাকা ছেড়ে যেতে হবে এটি দুনিয়ার কোথাও নেই। সংসদ সদস্যরা নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না-এটি ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, কন্টিনেন্টাল ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান কোথাও নেই।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রথমত আমার প্রশ্ন হচ্ছে যিনি ওই এলাকার সংসদ সদস্য,স্থায়ী বাসিন্দা ও সিটি করপোরেশনের নির্বাচনে ভোটার, তাকে নির্বাচন কমিশন এলাকা ছাড়ার কথা বলতে পারে কি না। এটি কী তার মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ নয়? তাহলে তো ঢাকা শহরে যখন সিটি করপোরেশন নির্বাচন হবে তখন ঢাকা থেকে নির্বাচিত সব সংসদ সদস্য, মন্ত্রীদেরকেও ঢাকা ছেড়ে চলে যেতে হবে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে তার নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে গত (৮ জুন) চিঠি দেয় নির্বাচন কমিশন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আগে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে প্রথমে সতর্ক করে দিয়েছিল। তবে ওই সতর্ক বার্তায় কাজ না হওয়ায় চিঠি দেয় ইসি।

ইসির এমন চিঠির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, এভাবে তাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে তার মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করা হয়েছে বলে আমি মনে করি। তিনি যাতে কোনো নির্বাচনে প্রচার-প্রচারণা বা নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণ না করেন, সেটির নির্দেশনা অবশ্যই থাকবে, থাকা বাঞ্ছনীয়। সেটি করলে অন্য শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে।

এর আগে, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বক্তৃতায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান রক্তদান ও জনহিতকর কর্মসূচির জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে অভিনন্দন জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।