BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মধ্যরাতে বিএনপি নেতার বাসায় হট্টগোল, এলাকায় আতঙ্ক


মার্চ ২০, ২০২২ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: মধ্যরাতে সিলেট নগরীর একটি আবাসিক এলাকায় বিএনপি নেতার বাসা ও রাস্তায় দলাদলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। শনিবার নগরীর শিবগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হাসান জায়গীরদারের বাসায় বিএনপি নেতাকর্মী ও ক্যাডারদের অবস্থান ঘিরে এ আতঙ্কের সৃষ্টি হয়।

মধ্যরাতে আবাসিক এলাকায় এতো লোকজনের সন্দেহজনক অবস্থান ও দলাদলির বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। অজানা আতঙ্কে বাসা-বাড়ির লোকজন স্বজনদের ফোন করে বিষয়টি জানার চেষ্টা করেন।বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটির নেতৃবৃন্দ অকুস্থলে ছুটে যান। স্থানীয় লোকজনও জড়ো হন এলাকায়। এক পর্যায়ে চিহ্নিত ক্যাডার-সন্ত্রাসীদের ধাওয়া করা হয়।

এলাকার লোকজন জানান, বিএনপি নেতাদের সঙ্গে হত্যা, ছিনতাই মামলার আসামিসহ চিহ্নিত দাগী আসামিরা মধ্যরাতে এলাকায় জড়ো হতে থাকেন। জেলা বিএনপির আহবায়ক কামরুল হাসান জায়গীরদারের বাসায় তখন তুমুল শোরচিৎকার ও তর্ক-বিতর্কের শব্দ শোনা যায়। বাসার ভেতরে বিএনপির একটি পক্ষের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল। এরপর উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।এতে আশপাশের বাসা-বাড়িতে থাকা লোকজন আতঙ্কগ্রস্থ হয়ে স্বজন ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ করতে থাকেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে যায়। এতো রাতে আবাসিক এলাকায় জড়ো হওয়া থেকে বিরত থাকতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে দেওয়া হয়। নয়তো বাধ্য হয়ে আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি।

স্থানীয় বাসিন্দারা বলেন, রাজনীতি করবেন, ভাল কথা, এতোরাতে আবাসিক এলাকায় দাগি অপরাধীদের নিয়ে জড়ো হওয়ার কোনো মানে হয় না।

বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটির নেতৃবৃন্দ বলেন, বিএনপির নেতাকর্মীরা দাগী অপরাধীদের নিয়ে আবাসিক এলাকা বিচরণ করলে আমরা তা প্রতিহত করবো।

খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকত আমীন তৌহিদ।

তিনি পুলিশকে বলেন, বিএনপির নেতাকর্মীরা রাজনীতি করবেন ভাল কথা। তাই বলে নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে এতো রাতে আবাসিক এলাকায় জড়ো হওয়ার কথা না। তারা আইন লঙ্ঘন করছেন। এলাকার শান্তিশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে, এ জন্য আগে থেকেই পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়া উচিত।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।