বিডি সিলেট:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগালিবাসা হাওড় এলাকায় থেকে ইউনুস আলী (৪৫) ও এয়াকৃব আলী (৩০) নামে দুই (২) মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ৩৯৯ বোতল অফিসার চয়েজ এবং ২১ বোতল ম্যাক ডুয়েলস মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ এর তত্ত্বাবধানে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১১ মার্চ) দুপুর ১.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার রনিখাই ইউনিয়নের অর্ন্তগত খাগালিবাসা হাওড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দু’জন কোম্পানীগঞ্জ খাগালিবাসা গ্রামের মৃত আকবর আলী ও একই গ্রামের মৃত আছির আলীর ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও মিডিয়া অফিসার মোঃ লুৎফর রহমান বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলার প্রতিটি থানায় মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। তার ধারাবাহিকতাতেই কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
