BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৯
আজকের সর্বশেষ সবখবর

মেয়র হওয়ার পর প্রথম কার্যদিবসে আইভী


ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : আনুষ্ঠানিকভাবে অফিসের কাজ শুরু করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নতুন বেনারসি শাড়ি পরে রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে নিজ কার্যালয়ে এসে কাজ শুরু করেন টানা তৃতীয়বারের বিজয়ী মেয়র আইভী।

এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা, সঙ্গে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

কার্যালয়ে প্রবেশ করেই চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন মেয়র আইভী। পরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। নির্বাচনের কারণে দীর্ঘ প্রায় দুই মাস কর্মবিরতির পর পুনরায় অফিসে এসে নিজ চেয়ারে বসে বেশ ফুরফুরা মেজাজেই ছিলেন আইভী। এ সময় তাকে খুবই প্রাণবন্ত দেখা যায় এবং প্রথম দিনের কর্মদিবসের অনুভূতি প্রকাশ করেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আইভী বলেন, অতীতের মতো কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রশ্রয় দেবেন না বা আপস করবেন না। জনগণের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী কাজ করবেন। তিনি জানান, চলমান উন্নয়নকাজের মধ্যে প্রথমেই ছয়টি মেগা প্রকল্পের কাজ শেষ করতে চান, যা প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি গণভবনে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন মেয়র আইভীসহ ২৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।