BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৩
আজকের সর্বশেষ সবখবর

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি


সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

মজুরি বোর্ড গঠন করে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫শত টাকা ঘোষণা সহ ন্যায় সঙ্গত ৪ দফা দাবি মেনে নেয়ার এবং চা শ্রমিক নেতা গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

৪ সেপ্টেম্বর গণমাধ্যম দেয়া এক বিবৃতিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজী পাশি ও সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবু জাফর, উজ্জ্বল রায়, এডভোকেট আবুল হাসান,প্রণব জ্যোতি পাল, শফিকুল ইসলাম বলেন, চা শ্রমিকদের দীর্ঘদিনের দৈনিক নগদ মজুরি ৫শত টাকা নির্ধারণ সহ ৪দফা যৌক্তিক দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে চা শ্রমিক নেতা গীতা রানী কানুকে গ্রেফতার করা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে নগদ মজুরি ৫শত টাকা ঘোষণা সহ ৪দফা দাবি মেনে নেওয়া ও চা শ্রমিক নেতা গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, বিদ্যমান শ্রম আইনের ধারা ১৩৯ (৬) অনুসারে প্রতি তিন বছর পরপর মজুরি পুণঃনির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে। চা শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ড ২০২১ সালের জুন মাসে খসড়া সুপারিশ প্রকাশ করলেও তা ১০ আগষ্ট ২০২৩ তারিখে চুড়ান্ত গ্যাজেট আকারে প্রকাশিত হয়। সেই মোতাবেক গত ৯ আগষ্ট ২০২৬ তারিখে তর্কিত গ্যাজেট মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং শ্রম আইন অনুযায়ী পূর্ববর্তী গ্যাজেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ছয় মাস পূর্বেই নতুন মজুরি বোর্ড গঠনের যৌক্তিক সময় অতিক্রান্ত হয়েছে। এবং শ্রমিকের মজুরি নির্ধারণের ক্ষেত্রে চায়ের সিন্ডিকেটেড নিলাম মূল্যের পরিবর্তে চায়ের বাজার মূল্য বিবেচনার পাশাপাশি ২০২৫ সালের ২২ মে বাংলাদেশের দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের মজুরী ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮০০ টাকা, বিভাগীয় শহরে ৭৫০ টাকা, জেলা উপজেলায় ৭০০ টাকা নির্ধারণ করার বাস্তবতায় মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরী কমপক্ষে ৫০০ টাকা নির্ধারণ করার বিকল্প নেই।

নেতৃবৃন্দ অবিলম্বে চা শ্রমিকদের মজুরি পূণঃনির্ধারণে মজুরি বোর্ড গঠন এবং দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণ ঘোষণা সহ ৪দফা দাবি মেনে নেওয়া এবং চা শ্রমিক নেতা গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।