BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪০
আজকের সর্বশেষ সবখবর

ইসলামের সঠিক বাণী মানুষের কাছে তুলে ধরতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী


ডিসেম্বর ২৬, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : ধর্মীয় সম্প্রীতি সুরক্ষার বিষয়ে ইসলামের সঠিক বাণী মানুষের কাছে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি আরও বলেন, কেউ যাতে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার অবদান’ শীর্ষক এক আলোচনা সভা ও ‘চেতনায় বঙ্গবন্ধু’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী পবিত্র কুরআন ও হাদিস হতে সম্প্রীতি রক্ষার বিষয়ে উদ্বৃতি তুলে ধরে বলেন, ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি দয়া, মহানুভবতা প্রদর্শন করতে ইসলামের বিশেষ নির্দেশ রয়েছে।

তিনি বলেন, মদিনা সনদের মাধ্যমে হজরত মোহাম্মদ (সা.) শিক্ষা দিয়েছেন কীভাবে অন্য সম্প্রদায়ের মানুষকে নিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হয়।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে এ দেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি সংযোজন করে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ধর্ম নিরপেক্ষতার অর্থ ছিল ধর্ম যার যার, ও রাষ্ট্র সবার। রাষ্ট্রের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্ম পালন করবে যা মদিনা সনদেরই প্রতিফলন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগণকে ইসলামের সঠিক বাণী ও শিক্ষা প্রচারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আব্দুল আওয়াল হাওলাদার, মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহাম্মেদ।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (সমন্বয়) মোহাম্মদ মহীউদ্দীন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালকবৃন্দ, জেলার কার্যালয়ের উপ-পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে ‘চেতনায় বঙ্গবন্ধু’ শিরোণামে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।