BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৭
আজকের সর্বশেষ সবখবর

টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধা নিহত


নভেম্বর ২৩, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার মদনে পৌরসভার ইজারাদারের টোল আদায়কারীদের হামলায় আব্দুল বারেক (৭০) নামের এক জুলাইযোদ্ধা নিহত হয়েছেন। সোমবার দুপুরে মাত্র ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারিয়েছিলেন। মাত্র ২০ টাকার টোল নিয়ে আদায়কারীর ঘুষিতে তিনি নিহত হন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভায় চলাচলরত যানবাহন থেকে টোল আদায়ের জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নেন। অভিযোগ রয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরেই পৌরসভার সীমানার বাইরেও টোল আদায় করে আসছিলেন ইজারাদারের লোকজন।

সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে মদনগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় অটোরিকশায় থাকা জুলাইযোদ্ধা আব্দুল বারেক টোল আদায়কারীর ঘুষিতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আতিকুল ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করেছে মদন থানা-পুলিশ। আটক আতিকুল পৌরসভা এলাকার আব্দুর রশিদের ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এ ঘটনার পর প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

তিনি বলেন, ‘এখানে আমাদেরকে স্ট্রেট লাইনে (সঠিক পথে) থাকতে হবে। অপরাধী অপরাধী হিসেবেই চিহ্নিত হবে। প্রশাসনের পক্ষ থেকে আপনারা সেভাবেই এগোবেন। কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।