BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৬
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ৯০ টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা, দর্জিকে পিটিয়ে হত্যা


অক্টোবর ২৯, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা পরিশোধের পর তুচ্ছ বাগ্‌বিতণ্ডার জেরে প্রতিপক্ষের রডের আঘাতে আলিফ উদ্দিন নামের এক দর্জি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শাহবাজপুর বাজারের সায়পুর রেলক্রসিংয়ের পাশে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আলিফ উদ্দিন উপজেলার আতুয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলিফ উদ্দিনের দোকানের পাশেই ব্যবসা করতেন সায়পুর গ্রামের ইমাম উদ্দিন। আলিফের কাছে ইমামের ৯০ টাকা পাওনা ছিল। ঘটনার সময় ইমাম টাকা চাইলে আলিফ তা পরিশোধও করে দেন। এরপর দোকান থেকে ফিরে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমাম উদ্দিন লোহার রড দিয়ে আলিফ উদ্দিনের ওপর হামলা চালান। রডের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।