গতকালই শেষ হয়েছে পাকিস্তান–শ্রীলঙ্কা টি–টুয়েন্টি সিরিজ। শেষ ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন পাকিস্তান অধিনায়ক সাহিবজাদা ফারহান। শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস খেলেছেন ৮৭ রানের দুর্দান্ত ইনিংস।
চলমান ভারত–ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও চলছে ব্যাটসম্যানদের দাপট। শাই হোপ, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ারদের ব্যাটেও দেখা যাচ্ছে বড় ইনিংস। পুরো বছরে কি তাঁদেরই দাপট চলেছে? সব মিলিয়ে চলতি বছরে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন কারা?
চলতি বছরে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে ১০০০ রানের দেখা শুধু একজনই পেয়েছেন—ভারতের ঈশান কিষান। ভারতের হয়ে তিন নম্বরে খেলা এই ব্যাটসম্যানের রান ১১২২। তালিকার দুইয়েও আছেন এক ভারতীয়, অভিষেক শর্মা। কিষানের সমান ৩২ ম্যাচে অভিষেকের রান ৯২১।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টি–টুয়েন্টিতেই এক হাজার রানের মাইলফলক ছুঁতে পারেন অভিষেক। তাহলে ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক বছরে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এক হাজার রানের ক্লাবে ঢুকবেন অভিষেক।
ভারতের হয়ে এক বছরে এক হাজার রানের কীর্তি সবার আগে গড়েছেন সূর্যকুমার যাদব। টেস্ট খেলুড়ে দেশগুলোর ব্যাটসম্যানদের মধ্যে এক বছরে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের। ২০২১ সালে ৭৩.৬৬ গড় ও ১৩৪-এর বেশি স্ট্রাইক রেটে ১ হাজার ৩২৬ রান করেছিলেন। ছিল একটি সেঞ্চুরি ও ১২টি ফিফটি।
চলতি বছরে রানের তালিকায় তৃতীয় অস্ট্রিয়ার করণবীর সিং। ২৪ ইনিংসে করেছেন ৮৯৫ রান। গড় ৪২.৬১। স্ট্রাইক রেট ১৮৪.৯১। পরের নামটা সাহিবজাদা ফারহানের। শীর্ষ পাঁচে পাকিস্তানের একমাত্র প্রতিনিধি তিনি, ১৫ ম্যাচে তাঁর রান ৬৯৭। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক আছেন তালিকার পাঁচে। ১৮ ম্যাচে ব্রুকের রান ৬৯০।
ছক্কা ও স্ট্রাইক রেটে দাপট
ছক্কা মারায় সবার ওপরে অস্ট্রিয়ার করণবীর। ২৪ ইনিংসে ৭৮টি ছক্কা মেরেছেন। ভারতের অভিষেক শর্মার ছক্কা ৬৮টি। তবে দ্রুত রান তোলায় সবার চেয়ে এগিয়ে অভিষেকই। তাঁর স্ট্রাইক রেট ২০৬.৫০।
অর্থাৎ প্রতি ১০০ বলে ২০৬ রান করেছেন। ১৮৯.০৪ স্ট্রাইক রেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে ব্রুক। করণবীরের স্ট্রাইক রেট ১৮৪.৯১, আর কিষানের স্ট্রাইক রেট ১৭০। সাহিবজাদা এ তালিকায় সবার পেছনে।
ব্যাটিং গড়ে সবার ওপরে পাকিস্তানের সাহিবজাদাই। ১৫ ইনিংসে ৬৯৭ রান করে তাঁর গড় ৪৯.৭৮। অর্থাৎ প্রতি ইনিংসে গড়ে প্রায় ৫০ রান করেছেন তিনি। সামান্য পিছিয়ে ব্রুক। ১৮ ইনিংসে ৬৯০ রান করে তাঁর গড় ৪৯.২৮।
৪২.৬১ গড় নিয়ে তৃতীয় স্থানে করণবীর। কিষানের গড় ৩৮.৬৮। আর অভিষেকের গড় ২৯.৭০। রান সংখ্যায় এগিয়ে থাকলেও গড়ে অন্যদের চেয়ে পিছিয়ে অভিষেক। তবে দ্রুত রান তোলার সামর্থ্যেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন ভারতের এই ব্যাটসম্যান।
সব ধরনের টি–টুয়েন্টি বিবেচনায় নিলে কাদের দাপট চলেছে সবচেয়ে বেশি? এখানেও আসলে সবার আগের নামটা কিষানের। চলতি বছরে ভারতের এই টপ অর্ডার ব্যাটসম্যান ১৭২৪ রান করেছেন।
তালিকায় পরের নামটা মিচেল মার্শের, তাঁর রান ১৫৪৪। শীর্ষে পাঁচে থাকা বাকি তিন ক্রিকেটার হলেন—জস বাটলার, টিম সাইফার্ট ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।
চলতি বছরে সর্বোচ্চ ১১১ ছক্কা মেরেছেন অভিষেক। তিনি ছাড়া এই বছরে ১০০ ছক্কা মেরেছেন দুজন। সর্বোচ্চ রানের তালিকায় না শীর্ষ পাঁচে না থাকলেও ছক্কায় এগিয়ে অভিষেক শর্মা। এই বছরে সর্বোচ্চ ১১১ ছক্কা মেরেছেন অভিষেক। তিনি ছাড়া এই বছরে ১০০ ছক্কা মেরেছেন দুজন। দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস আর নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। এই দুজনই ১০১টি করে ছক্কা মেরেছেন।
