BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৩
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, তালিকায় ৪১ বিশ্ববিদ্যালয়


অক্টোবর ৮, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

​উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্ব ও মেধার স্বীকৃতিস্বরূপ ৪৬৯ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সাড়ে ৬ বছর পর একসঙ্গে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য ৩৬টি সরকারি ও ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মোট ৪১টি উচ্চ শিক্ষালয়ের শিক্ষার্থীরা এ সম্মাননা পাচ্ছেন। তালিকায় ২০১৯ সালের ১৭৮ জন, ২০২০ সালের ১৪১ জন এবং ২০২১ সালের ১৫০ জন শিক্ষার্থী রয়েছেন। নীতিমালা অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেককে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম স্বর্ণ ও ১০গ্রাম রৌপ্য দ্বারা নির্মিত একটি পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।

সম্প্রতি ইউজিসির এক বিজ্ঞপ্তিতে এ পুরস্কারের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের জন্য তারিখ চেয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এখনো অনুষ্ঠানটির চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।

ইউজিসি বলছে, প্রধানমন্ত্রী স্বর্ণপদক মূলত বিশ্ববিদ্যালয়ের অনার্স স্তরে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীকে দেয়া প্রধানমন্ত্রীর পদক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

তালিকায় স্থান পাওয়া ৩৬ সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে—ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।

তালিকায় থাকায় ৫ বেসকারি বিশ্ববিদ্যালয় হলো আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিজিএমইএ বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।

২০১৯ সালে ৩৭টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থী এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ওই বছরের তালিকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিজিএমইএ বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে কোনো শিক্ষার্থী স্থান পাননি।

২০১৯ সালের পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা দেখুন  এখানে

২০২০ সালে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ওই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই পুরস্কারের জন্য মনোনীত হননি। তবে এ বছর তালিকায় নতুন করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়।

২০২০ সালের তালিকা দেখুন  এখানে

২০২১ সালেও ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পুরস্কারের জন্য মনোনীত হন। তবে ২০২১ সালের তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী স্থান পাননি। তবে এ বছর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি তালিকায় জায়গা করে নিয়েছে।

২০২১ সালের তালিকা দেখুন  এখানে

বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রাপ্ত মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইপূর্বক প্রাথমিকভাবে প্রস্তুতকৃত তালিকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দ্বারা পুনরায় যাচাইয়ের পর সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যা ইউজিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

এতে বলা হয়, এ তালিকার বিষয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মতামত, আপত্তি কিংবা বক্তব্য থাকলে তা প্রয়োজনীয় প্রমাণসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক বরাবর লিখিতভাবে অথবা ই-মেইলের (award.ugc2026@gmail.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এই সময়ের পর আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না এবং প্রকাশিত তালিকাটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

ইউজিসি সূত্রে জানা গেছে, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পুরস্কারের চালু করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ নীতিমালা সংশোধন করা হয়। এর মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও (স্থায়ী সনদপ্রাপ্ত) এ পুরস্কারের আওতায় আসে। অনার্স স্তরে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থীদের এ পদক দিতে প্রতিবছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এই অনুষ্ঠানের আয়োজন করে। সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।