BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
আজকের সর্বশেষ সবখবর

সাইপ্রাস উপকূলে ২৬৭ যাত্রী নিয়ে ডুবর ফেরি


আগস্ট ৩০, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

সাইপ্রাসের উত্তরাঞ্চলের উপকূলের কাছে ২৬৭ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এতে এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। রোববার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে বলে তুর্কি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

ক্যাটামারান ধরনের ফেরিটি কিরেনিয়া বা গিরনে বন্দর থেকে যাত্রা শুরুর পর উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে ডুবতে শুরু করে। তুর্কি সাইপ্রিয়টের পরিবহনমন্ত্রী এরহান আরিকলি তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে জানান, ফেরিটি ডুবে যাওয়ার ঘটনায় একজন যাত্রী মারা গেছেন।

মূলত সাইপ্রাসের উত্তরাঞ্চলকে তুর্কি সাইপ্রিয়ট বলা হয়। তুর্কি সাইপ্রিয়টের প্রধানমন্ত্রী উনাল উস্তেল বলেন, ফেরিটি উল্টে যাওয়ার সময় এতে ২৬৭ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারীরা প্রায় ১০০ জনকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। আহত ব্যক্তিদের বন্দরে নিয়ে আসতে উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও জানান, উদ্ধার অভিযানের পর আহতদের বন্দরে নিয়ে এসে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হবে। এ ঘটনার কারণ তদন্তও করা হবে। তুর্কি টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে পানিতে উল্টে থাকা ফেরিটি দেখা যায়। কমলা রঙের ফেরিটির ওপর লাইফ জ্যাকেট পরা কয়েকজন মানুষকেও দেখা গেছে। আবহাওয়া ছিল রৌদ্রোজ্জ্বল এবং সহায়তার জন্য ঘটনাস্থলের আশপাশে দেখা যায় বেশ কয়েকটি নৌযান।

তুর্কি সাইপ্রিয়টের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার ও স্বাস্থ্যসেবা কর্মীদের দ্রুত সাড়া দেয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার জন্য অঞ্চলটির হাসপাতালগুলোকে দেয়া হয়েছে নির্দেশনা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।