BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৩
আজকের সর্বশেষ সবখবর

জীবন বদলে দেবে যে ৭ অভ্যাস


আগস্ট ১৯, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

জীবনকে সুন্দর করতে সব সময় বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। অনেক সময় প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই আমাদের জীবনযাপনের ধরন বদলে দিতে পারে। জাপানি সংস্কৃতিতে এমন অনেক সাধারণ কাজ রয়েছে যেগুলো জীবন সহজ করে দেয়। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে খাবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কিংবা সকালে একটু আগে ঘুম থেকে ওঠা সাধারণ এই কাজগুলোই হতে পারে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ। জেনে নেওয়া যাক জাপানিদের এমন ৭টি অভ্যাস, যা আপনিও অনুসরণ করতে পারেন। খবর হিন্দুস্তান টাইমস

১. সোউজি

ঘর পরিষ্কার করা অনেকের কাছেই বিরক্তিকর কাজ। কিন্তু জাপানি সংস্কৃতিতে ‘সোউজি’ বা পরিষ্কার-পরিচ্ছন্নতাকে আরো সচেতনভাবে দেখার প্রবণতা রয়েছে। ঘর গোছানোর সময় শুধু ময়লা পরিষ্কার নয়, নিজের চারপাশের পরিবেশের প্রতিও মনোযোগ দেওয়া হয়। অগোছালো জায়গা গুছিয়ে ফেললে অনেক সময় মনও হালকা লাগে। প্রতিদিন মাত্র ১০ মিনিট নিজের ঘর বা কাজের জায়গা গোছানোর অভ্যাস করুন।

২. ইতাদাকিমাসু

জাপানে খাবার শুরু করার আগে অনেকেই বলেন ‘ইতাদাকিমাসু’। এটি শুধু খাবার শুরু করার একটি শব্দ নয় এর মাধ্যমে খাবারের প্রতি এবং খাবারটি টেবিলে পৌঁছানোর পেছনে থাকা মানুষ ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আমরাও চাইলে এই অভ্যাসটি নিজের জীবনে আনতে পারি। খাওয়ার আগে কয়েক সেকেন্ড থেমে ভাবুন এই খাবারটি পেতে কত মানুষের পরিশ্রম হয়েছে। খাবারকে স্বাভাবিক বা মূল্যহীন কিছু মনে না করে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করার অভ্যাস আমাদের আরো সচেতন করে তুলতে পারে।

৩. কুতসু ও সোরোয়েরু

বাড়িতে ঢোকার সময় জুতাগুলো এলোমেলোভাবে ফেলে না রেখে সুন্দর করে পাশাপাশি রাখা শুনতে খুবই ছোট একটি বিষয়। কিন্তু এই ছোট অভ্যাসের মধ্যেও রয়েছে শৃঙ্খলার শিক্ষা। জাপানি সংস্কৃতিতে প্রবেশপথে জুতা গুছিয়ে রাখার অভ্যাস প্রচলিত। বাইরে থেকে ঘরে প্রবেশের সময় কয়েক সেকেন্ড থেমে জুতাগুলো ঠিক জায়গায় রাখার মাধ্যমে যেন বাইরের ব্যস্ততা থেকে নিজের ব্যক্তিগত জগতে প্রবেশের একটি ছোট বিরতি তৈরি হয়।

৪. ইউবুনে নি সুকারু

গোসল মানেই দ্রুত শরীর পরিষ্কার করে বেরিয়ে আসা জাপানি সংস্কৃতিতে বিষয়টি সব সময় এমন নয়। উষ্ণ পানিতে কিছুক্ষণ ডুবে থাকা বা ‘ইউবুনে নি সুকারু’ দিনের ক্লান্তি কাটানোর একটি শান্ত উপায় হতে পারে। সারা দিনের কাজ শেষে কিছুক্ষণ উষ্ণ পানিতে নিশ্চুপ বসে থাকুন। ফোন দূরে রাখুন, কোনো কাজের চিন্তা না করে শুধু নিজের দিকে মনোযোগ দিন।

৫. মত্তাইনাই

নতুন কিছু কেনার ইচ্ছা আমাদের প্রায় সবারই থাকে। কিন্তু পুরোনো জিনিসটি একটু যত্ন নিলে, মেরামত করলে বা পুনরায় ব্যবহার করা গেলে সেটিকে ফেলে দেওয়ার প্রয়োজন হয় না। জাপানি ধারণা ‘মত্তাইনাই’ অপচয়ের প্রতি আক্ষেপ এবং কোনো জিনিসের মূল্যকে সম্মান করার ভাবনা প্রকাশ করে। জামাকাপড়, আসবাব, বই কিংবা দৈনন্দিন ব্যবহারের জিনিস যা আছে, তার যত্ন নে য়ার চেষ্টা করুন। সবসময় নতুন কিছু পাওয়ার দিকে না ছুটে, নিজের কাছে থাকা জিনিসগুলোর মূল্য বোঝাও হতে পারে সুখী ও সরল জীবনের একটি অংশ।

৬. শুন

জাপানি সংস্কৃতিতে ঋতু পরিবর্তনের প্রতি বিশেষ ধরনের মুগ্ধতা রয়েছে। ‘শুন’ বলতে কোনো খাবার বা অভিজ্ঞতা যখন তার মৌসুমের সবচেয়ে উপযুক্ত সময়ে থাকে, তখন সেটিকে উপভোগ করার ধারণাকে বোঝায়। আমাদের জীবনেও এর চর্চা করা সম্ভব। বছরের বিভিন্ন সময়ে প্রকৃতিতে কী পরিবর্তন হচ্ছে, কোন ফল বা খাবার এখন পাওয়া যাচ্ছে, আবহাওয়া কীভাবে বদলাচ্ছে এসবের দিকে একটু মনোযোগ দিন।

৭. হায়াওকি

সকালের শুরুটাই যদি তাড়াহুড়ো করে হয়, তাহলে সারাদিনের মধ্যেই যেন সেই ব্যস্ততার ছাপ থেকে যায়। তাই জাপানি জীবনযাপনের আরেকটি পরিচিত ধারণা হলো ‘হায়াওকি’, অর্থাৎ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তবে এর অর্থ ঘুম কমিয়ে দেয়া নয়। পর্যাপ্ত ঘুমের পর একটু আগে উঠুন এবং দিনের শুরুতে নিজেকে কয়েক মিনিট সময় দিন।

জাপানি জীবনধারার এই অভ্যাসগুলোর মূল শিক্ষা হলো জীবনকে আরও সুন্দর করতে সবসময় বেশি কিছু করার প্রয়োজন নেই; বরং প্রতিদিনের সাধারণ কাজগুলোকে একটু বেশি সচেতনভাবে করা দরকার। ঘর পরিষ্কার করা, খাবার খাওয়া, জুতা গুছিয়ে রাখা, গোসল করা কিংবা সকালে ঘুম থেকে ওঠা সবকিছুর মধ্যেই যদি একটু মনোযোগ ও কৃতজ্ঞতা যোগ করা যায়, তাহলে ব্যস্ত জীবনের মাঝেও নিজের জন্য কিছু শান্ত মুহূর্ত তৈরি করা সম্ভব।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।