BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯


আগস্ট ৭, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে ৭ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা গেছেন।

নিহতদের মধ্যে এ পর্যন্ত ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের মধ্যে যে দুজনের পরিচয় মিলেছে তারা হলেন সিলেট নগরের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) ও ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা খোজাইফা (৩)। নিহতরা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে খাসিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী মারা যান। ওসমানী হাসপাতালে নেওয়ার পর মারা যান এক শিশুসহ ২ জন। আহত ১৩ জনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটের ওসমানীনগর থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুজনের পরিচয় মিলেছে। সবার পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।