BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৩
আজকের সর্বশেষ সবখবর

টুকের বাজার খুরুমখলায় প্রকাশ্যে চলছে ইয়াবা ব্যবসা, ধ্বংসের মুখে যুবসমাজ


মে ১৮, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর শাহ খুররুম (রহঃ) এর পবিত্র ভূমি টুকেরবাজারস্থ খুরুমখলা এলাকা এখন ইয়াবার অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া এই মাদকচক্র প্রকাশ্যেই ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই কারবারে জড়িয়ে পড়ছেন অভিযুক্তরা, যাতে এলাকাজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, খুরুমখলা গ্রামের বাদশা মিয়া, পীরপুর গ্রামের এমাদ এবং গ্যারেজ চৌকিদার আজির এই ইয়াবা ব্যবসার মূল হোতা ও গডফাদার হিসেবে কাজ করছেন। অভিযোগ অনুযায়ী, তারা বাদশা মিয়ার বাসভবন ও আজিরের গ্যারেজকে কেন্দ্র করে প্রকাশ্যেই যুবকদের কাছে ইয়াবা সরবরাহ করছেন। তাদের প্ররোচনায় এলাকার অনেক সাধারণ ছেলেও এখন ইয়াবা সহ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কিছু অসাধু রাজনীতিবিদকে অর্থের বিনিময়ে ‘ম্যানেজ’ করে এই চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুলিশের অভিযানের আগেই সোর্সদের মাধ্যমে খবর পেয়ে তারা মাদক সরিয়ে ফেলে বলে অভিযোগ রয়েছে। ফলে মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

স্থানীয় বাসিন্দারা জানান, খুরুমখলার যুবসমাজ এখন মাদকের ছোবলে বিপন্ন। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও এই সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একাধিকবার অভিযোগ দেয়া হলেও কার্যকর কোন পদক্ষেপ নেয়নি জালালাবাদ থানা। সুত্র: দৈনিক সিলেটের সংবাদ

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।