BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৫
আজকের সর্বশেষ সবখবর

ভারত-আমিরাত সম্পর্কে নতুন অগ্রগতি


মে ১৬, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে জ্বালানি, প্রতিরক্ষা, শিপিং ও প্রযুক্তি খাতে সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। আবুধাবিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশ ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং ভারতের বিভিন্ন খাতে প্রায় ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদি ভারতের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান, যদিও তিনি সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি। তিনি বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে ভারত আমিরাতের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’ তিনি আঞ্চলিক শান্তি দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানান।

দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এ্যাডনক)-কে ভারতের অভ্যন্তরে ৩০ মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল সংরক্ষণের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা, দীর্ঘমেয়াদি এলপিজি ক্রয়-বিক্রয় চুক্তি এবং প্রতিরক্ষা খাতে কৌশলগত অংশীদারত্ব কাঠামো। এতে প্রতিরক্ষা শিল্প, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ ও যৌথ মহড়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়, মোদি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচলের গুরুত্বও তুলে ধরেন, যা আঞ্চলিক শান্তি, জ্বালানি ও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদি তাঁর সফরকে ‘সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন এবং বলেন, এই সফরের ফলাফল দুই দেশের বন্ধুত্ব ও উন্নয়নকে আরও শক্তিশালী করবে।

বিনিয়োগ ঘোষণার মধ্যে রয়েছে—এমিরেটস এনবিডি ব্যাংকের মাধ্যমে ভারতের আরবিএল ব্যাংকে ৩ বিলিয়ন ডলার, আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি ও ভারতের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ড এর যৌথ উদ্যোগে ১ বিলিয়ন ডলার অবকাঠামো খাতে এবং ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির মাধ্যমে সাম্মান ক্যাপিটালে আরও ১ বিলিয়ন ডলার বিনিয়োগ।

এছাড়া জাহাজ মেরামত ও শিপিং খাতে সহযোগিতা, দক্ষ নৌকর্মী গড়ে তোলা এবং ভারতকে শিপবিল্ডিং ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দুটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মিশনের অংশ হিসেবে সুপারকম্পিউটিং ক্লাস্টার স্থাপনেও সহযোগিতার চুক্তি হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।