BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৯
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে পর্যটনকে প্রাণ দিতে হারমনি ফেস্টিভ্যাল


ডিসেম্বর ১১, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটনকে প্রাণ দিতে আবারও হারমনি ফেস্টিভ্যাল (সিজন–২) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাহাড়, অরণ্য, হাওর ও সবুজ চা-বাগানে ঘেরা পর্যটন জেলা মৌলভীবাজার। আর চায়ের রাজ্য শ্রীমঙ্গল উপজেলা পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরে সমাদৃত। সাম্প্রতিক বছরগুলোতে পর্যটক উপস্থিতি কমে যাওয়ায় পর্যটন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছিলেন। সেই মন্দাভাব কাটাতেই সরকারের এই হারমনি ফেস্টিভ্যালের উদ্যোগ।

আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে তিন দিনের হারমনি ফেস্টিভ্যাল (সিজন–২) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্রীমঙ্গল শহরে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি করা হয়।

এতে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকেরা জানান, এবারের হারমনি ফেস্টিভ্যালে শ্রীমঙ্গল উপজেলার ২৬টির বেশি নৃগোষ্ঠী অংশ নেবে। তারা তাদের কৃষ্টি-সংস্কৃতির ঐতিহ্যবাহী খাবার, ব্যবহারিক ও উৎপাদিত নানা পণ্যে সামগ্রী এবং সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে। বৈচিত্র্যময় এ উৎসবকে সফল করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। উপজেলা প্রশাসনও সক্রিয় ভূমিকা পালন করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, পর্যটনশিল্পের বিকাশে এবং পর্যটক আকৃষ্ট করতে শ্রীমঙ্গল উপজেলায় দ্বিতীয় বারের মতো হারমোনি ফেস্টিভ্যালের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে তিন দিনে ৬৩টি সাংস্কৃতিক পরিবেশনা হবে। ক্ষুদ্র নৃগোষ্টীর বিভিন্ন স্টল থাকবে।

এবারের উৎসবও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হবে। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি রাখছে বলে তিনি জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।