BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০২
আজকের সর্বশেষ সবখবর

ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে ৭ জনের প্রা’ণ’হা’নি


আগস্ট ৯, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে কমপক্ষে ৭ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৯ আগস্ট) ভারতের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শুক্রবার রাতভর বৃষ্টিপাতে ধসে যাওয়া দেয়ালের নিচ থেকে কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দেয়াল চাপায় নিহতরা দিনমজুর বলে জানিয়েছেন দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ঐশ্বর্য শর্মা।

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে দিল্লির জৈতপুরের মোহন বাবা মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় দেয়াল ধসের ওই ঘটনা ঘটেছে। নিহতদের কয়েকজন দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের অভিবাসী শ্রমিক।

প্রাথমিকভাবে দিল্লি ফায়ার সার্ভিস দেয়াল ধসে আটজনের মৃত্যুর খবর জানালেও পরে সাতজনের তথ্য নিশ্চিত করেছে। এছাড়া আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সকাল ৯টা ১৬ মিনিটে দেয়াল ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ও পুলিশ সদস্যদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভারতের আবহাওয়া দপ্তর শনিবার দেশটির বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাতের ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল। পরবর্তীতে এই সতর্কতা নামিয়ে ‘ইয়েলো অ্যালার্ট’ করা হয়।

কয়েক দিনের বিরতির পর আবারও মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে দিল্লির বেশিরভাগ এলাকায়। ২ কোটি জনসংখ্যার এই শহরে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক সড়ক ডুবে গেছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।