ইসলাম ডেস্ক :
কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
সুরা লোকমান: আয়াত ১৬-১৭
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে
یٰبُنَیَّ اِنَّهَاۤ اِنۡ تَكُ مِثۡقَالَ حَبَّۃٍ مِّنۡ خَرۡدَلٍ فَتَكُنۡ فِیۡ صَخۡرَۃٍ اَوۡ فِی السَّمٰوٰتِ اَوۡ فِی الۡاَرۡضِ یَاۡتِ بِهَا اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ لَطِیۡفٌ خَبِیۡرٌ ﴿۱۶﴾
یٰبُنَیَّ اَقِمِ الصَّلٰوۃَ وَ اۡمُرۡ بِالۡمَعۡرُوۡفِ وَ انۡهَ عَنِ الۡمُنۡكَرِ وَ اصۡبِرۡ عَلٰی مَاۤ اَصَابَكَ ؕ اِنَّ ذٰلِكَ مِنۡ عَزۡمِ الۡاُمُوۡرِ ﴿ۚ۱۷﴾
সরল অনুবাদ
(১৬) ‘হে বৎস! কোনো (পাপ অথবা পুণ্য) যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা যদি কোনো পাথরের ভেতরে অথবা আকাশমণ্ডলীতে অথবা মাটির নিচে থাকে, তাহলে আল্লাহ তা-ও উপস্থিত করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে অবগত।
(১৭) হে বৎস ! যথারীতি নামাজ পড়, সৎকাজের নির্দেশ দাও, অসৎকাজে বাধা দান কর এবং আপদে-বিপদে ধৈর্য ধারণ কর। নিশ্চয়ই এটিই দৃঢ় সংকল্পের কাজ।
সংক্ষিপ্ত ব্যাখ্যা
এখানে উল্লিখিত প্রথম আয়াতে লোকমান হাকিম তাঁর ছেলেকে যে উপদেশ দিয়েছেন তার সারমর্ম এই যে, আসমান ও জমিন এবং এর মাঝে যা কিছু আছে, এর প্রতিটি বিন্দুকণা আল্লাহর অসীম জ্ঞানের আওতাধীন এবং সব কিছুর ওপর তাঁর পূর্ণ ক্ষমতা ও আধিপত্য রয়েছে। মানুষ ভালো অথবা মন্দ কর্ম যতই গোপনে করুক না কেন, তা আল্লাহর কাছে লুক্কায়িত থাকতে পারে না; কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তা উপস্থিত করে নেবেন। অর্থাৎ, তার যথাযথভাবে ভালো আমলের ভালো প্রতিদান ও মন্দ আমলের মন্দ প্রতিফল দেবেন। সরিষা দানার উদাহরণ এই জন্য দিয়েছেন যে, তা এত ছোট হয়, যার না ওজন বুঝা যায় আর না দাঁড়িপাল্লাকে ঝুঁকাতে পারে।
অনুরূপ পাথর (সাধারণত বসবাসের স্থান থেকে দূরে জঙ্গল বা পাহাড়ে) একান্ত গুপ্ত ও সুরক্ষিত স্থান। এই অর্থ হাদিসেও বর্ণিত হয়েছে। মহানবী (সা.) বলেছেন, ‘যদি কোনো ব্যক্তি এমন ছিদ্রহীন পাথরেও কোনো আমল করে, যার কোনো দরজা বা জানালা নেই, তাহলেও আল্লাহ্ তায়ালা তা মানুষের সামনে প্রকাশ করে দেবেন সে আমল যে ধরনেরই হোক না কেন।’ (আহমদ ৩ /২৮) এই জন্য যে, আল্লাহ তায়ালা সূক্ষ্মদর্শী; তিনি অতি সূক্ষ্ম দৃষ্টি রাখেন।
নিতান্ত গুপ্ত বস্তুও তাঁর জ্ঞান বহির্ভূত নয় এবং তিনি সর্বজ্ঞ; রাতের অন্ধকারে পিঁপড়ের চলাফেরা করার খবরও তিনি রাখেন।
পরের আয়াতে নামাজ প্রতিষ্ঠা, ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দান এবং মুসীবতে ধৈর্যধারণ করার কথা উল্লেখ এই জন্য করা হয়েছে যে উক্ত তিনটিই গুরুত্বপূর্ণ ইবাদত ও ভালো কাজের মূল বা ভিত্তি।
উৎস: তাফসিরে আহসানুল বায়ান থেকে ইষৎ সম্পাদিত।
