BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৬
আজকের সর্বশেষ সবখবর

বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকার চোখে ব্যালন ডি’অর জয়ে সেরা পাঁচ


মে ১১, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিশ্বকাপ, ইউরো কিংবা কোপা আমেরিকার মতো বৈশ্বিক আসর না থাকায় এবার ব্যক্তিগত পারফরম্যান্স ও ক্লাব সাফল্যই হবে মূল বিবেচ্য। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ ও লিগ প্রতিযোগিতাগুলোর ফল নির্ধারণ করে দেবে কার হাতে উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার।

এই আলোচনায় নাম আসছে অনেকের- পিএসজির উসমান দেম্বেলে, জিয়ানলুইজি দোন্নারুম্মা, ভিতিনিহা, ইন্টারের লাউতারো মার্টিনেজ ও ডেঞ্জেল ডামফ্রিস, বার্সার রাফিনহা, পেদ্রি ও লামিনে ইয়ামাল, রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে, লিভারপুলের মোহাম্মদ সালাহসহ অনেক তারকা আছেন এই তালিকায়।

তবে এই বিশাল তালিকা থেকে নিজের চোখে সেরা পাঁচ বেছে নিয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। নিজের ফেভারিট পাঁচজনের তালিকায় তিনি রেখেছেন- লামিনে ইয়ামাল, পেদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও মোহাম্মদ সালাহকে।

রাফিনহার মতে, পেদ্রি বিশ্বের সেরা খেলোয়াড়। এছাড়া ইয়ামালের দুর্দান্ত সম্ভাবনা এবং সালাহ ও এমবাপ্পের ধারাবাহিকতা তাকে মুগ্ধ করেছে।

তবে সবচেয়ে চমকপ্রদ দিক হলো রাফিনহা নিজের সেরা পাঁচে রাখেননি পিএসজির উসমান দেম্বেলেকে, যিনি এখন ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদার বলে মনে করেন ফুটবলবোদ্ধারা।

২০২৪-২৫ মৌসুমে এখন পর্যন্ত দেম্বেলের গোল ৩৫টি, সঙ্গে ১২টি অ্যাসিস্ট। পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলার পেছনে তার বড় অবদান। যদি পিএসজি চ্যাম্পিয়নস লিগ জেতে, তবে দেম্বেলের জয় প্রায় নিশ্চিত বলেই মত অনেকের।

চলতি মৌসুমে রাফিনহার পারফরম্যান্সও কম নয় ৩২ গোল ও ২২ অ্যাসিস্ট। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ইন্টারের বিপক্ষে গোল করেও বার্সাকে ফাইনালে তুলতে পারেননি। সেই একই ভাগ্য লামিনে ইয়ামাল ও পেদ্রির। ফলে তারা কিছুটা পিছিয়ে পড়েছেন।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠায় সম্ভাবনা বেড়েছে ইন্টারের লাউতারো মার্টিনেজ ও ডেঞ্জেল ডামফ্রিসের। তবে লিগ শিরোপা ও ইতালিয়ান কাপ হাতছাড়া হওয়ায় তাদের অবস্থান কিছুটা দুর্বল।

অন্যদিকে, লিভারপুলের মোহাম্মদ সালাহ করেছেন ৩৩ গোল ও ২৩ অ্যাসিস্ট। চ্যাম্পিয়নস লিগে বিদায় নিলেও প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছেন আগেভাগেই। প্রায় ৯০ শতাংশ ভোট পেয়ে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে হয়েছেন মৌসুমের সেরা খেলোয়াড়।

যদিও এখনই কিছু নিশ্চিত নয়, তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ফলই অনেক কিছু বদলে দিতে পারে। দেম্বেলে, সালাহ, রাফিনহা, ভিনিসিয়ুস, এমবাপ্পে কার হাতে উঠবে ২০২৫ সালের ব্যালন ডি’অর, এখন সেটিই দেখার অপেক্ষা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।