BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩০
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত থেকে নারীসহ আটক ৫


ডিসেম্বর ১২, ২০২৪ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতের অনুপ্রবেশের সময় একই পরিবারের চারজনসহ ৫ বাংলাদেশিকে আটক হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি সীমান্তের মেইন পিলার ৭৪০ এর ৩ নম্বর সাব পিলার এলাকা থেকে তাদের আটক করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটায়িলনের শুকানী বিওপির সদস্যরা।

এ সময় তাদের কাছে নগদ বাংলাদেশি ১৪ হাজার ৭০৭ টাকা ও নগদ ৪০৫ ভারতীয় রুপি, একটি স্মার্ট ফোন, তিনটি বাটন ফোন, এক ভরি স্বর্ণালংকার, ৭ ভরি রুপার অলংকার, দুইটি হাত ঘড়ি জব্দ করা হয়। বুধবার রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধন্দুগাঁও এলাকার মনিরাম চন্দ্র বর্মণ (৫১), তার স্ত্রী হিরা রানী বর্মণ (৩৫), ছেলে রিপন চন্দ্র বর্মণ (২১), মেয়ে পাপড়ি রানী বর্মণ (১৩) ও মনিরামের ভাতিজা নিমাই চন্দ্র বর্মণ (২৩)। তবে মনিরামের মেয়ে পাপড়ির অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে পরিবারের অন্য সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। এছাড়া অপর চারজনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তেঁতুলিয়া থানায় বিজিবি পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের এক দালালের মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের মদনবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের বাঁধা প্রদান করে বিজিবির শুকানী ক্যাম্পে অবগত করেন। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে শুকানী ক্যাম্পে নিয়ে যান।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা। আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। এ ঘটনায় তেঁতুলিয়া থানায় বিজিবি পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।