BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৭
আজকের সর্বশেষ সবখবর

স্পেনে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট কার্যক্রম শুরু


জুলাই ৯, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল আমিন স্পেন থেকে : স্পেনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। দেশটির রাজধানী মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শনিবার (৮ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুতাসিমুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকী। এছাড়াও বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংখ্যার দিক থেকে স্পেনে ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম প্রবর্তনের মধ্যদিয়ে তাদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হলো। এখন থেকে স্পেন প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট সংক্রান্ত সকল সেবা ও সুবিধার আওতাভুক্ত হবেন। দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেমের পাশাপাশি এমআরপি কার্যক্রমও যথারীতি অব্যাহত থাকবে।

সরকার ২০১৮-২০১৯ অর্থবছর থেকে পরবর্তী ১০ বছরের জন্য অগ্রাধিকার প্রকল্প হিসেবে ‘ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্প গ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ২২ জানুয়ারি বাংলাদেশে ই-পাসপোর্ট উদ্বোধন করেন। দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম বাংলাদেশেই ই-পাসপোর্ট চালু হয়।

অত্যাধুনিক প্রযুক্তির নিরাপদ ভ্রমণ দলিল ই-পাসপোর্ট একটি বায়োমেট্রিক পাসপোর্ট, যাতে ‘ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ’ রয়েছে। এতে ৩৮টিরও অধিক নিরাপত্তা বৈশিষ্ট্যসম্বলিত মাইক্রোপ্রসেসর চিপে বায়োমেট্রিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, যেমন – পাসপোর্টধারীর রঙিন ছবি, দশ আঙুলের ছাপ, চোখের আইরিশ, স্থায়ী বা বর্তমান ঠিকানা, পূর্ববর্তী পাসপোর্টের রেকর্ড ইত্যাদি সঞ্চিত থাকে।

ই-পাসপোর্ট সিস্টেমে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নম্বর দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আবেদন ফরম পূরণ করা ও অনলাইনে পাসপোর্ট ফি জমা দেয়ার সুযোগ রয়েছে। আবেদনের সঙ্গে দাখিল করা তথ্য যাচাইসহ আবেদন প্রক্রিয়াকরণের সর্বশেষ অবস্থা মুহূর্তেই জানা যায়।

বর্তমানে বিভিন্ন দেশের ২৫টি বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চলমান রয়েছে। ২৬তম মিশন হিসেবে স্পেনের মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম চালু করা হলো। ভবিষ্যতে বিদেশের আরও ৫৪টি মিশনে ই-পাসপোর্ট সেবা চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।।

ই-পাসপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হল, ই-গেইট ব্যবহার করে একজন ই-পাসপোর্টধারী অনায়াসে এবং দ্রুততার সাথে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। বর্তমানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও বেনাপোল স্থলবন্দরসহ মোট ৪২টি ই-গেইট চালু রয়েছে। বাংলাবান্ধা, আখাউড়া ও মুজিবনগর স্থলবন্দরসহ আরও ১০টি ই-গেইট স্থাপনের কার্যক্রম চলছে।

স্মার্ট ইমিগ্রেশন সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর, নৌবন্দর ও বর্ডার চেকপোস্টসমূহ একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনাসহ আন্তর্জাতিক সংস্থাসমূহ ও অন্যান্য দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইমিগ্রেশন ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ, কার্যকর, স্বচ্ছ ও স্বয়ংক্রিয় করা হবে বলে জানানো হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।