সোশ্যাল মিডিয়া ডেস্কঃ সাদা-কালোয় মেশানো কতগুলি রেখায় চোখে ধাঁধা লেগে যাওয়ার জোগাড়। তবে এই ছবিতেই লুকিয়ে রয়েছে দু’টি প্রাণী। বিড়াল না হরিণ, কোন প্রাণীটি দেখা যাচ্ছে? তার উপরের নাকি নির্ভর করছে আপনি সৃজনশীল না যুক্তিবাদী। নেটমাধ্যমে ভাইরাল এই ছবি ঘিরেই এমন দাবি করা হয়েছে।
আজকাল প্রায়শই এ ধরনের ছবির ধাঁধা নিয়ে নেটমাধ্যমে মাতামাতি হয়। তার কয়েকটির সমাধানে বেশ মজাও পাওয়া যায় বলে অনেকের দাবি। কতগুলি নাকি মনের সুপ্ত বাসনার জানান দেয়। যদিও এ ধরনের ছবি ঘিরে এমন দাবির কতটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, তা নিয়েও জম্পেশ তর্ক হয়। উপরের ছবিটিও দৃষ্টিবিভ্রমের উদাহরণ।
সম্প্রতি এই ছবির ধাঁধাটি টুইটারে শেয়ার করেছেন পামেলা অ্যাপোস্টোলো নামে এক ইন্টারনেট ব্যবহারকারী। সঙ্গে তিনি লিখেছেন, ‘আপনার (বাঁ-দিক না ডান দিকের) মস্তিষ্ক কী ভাবে কাজ করে, তার উপর ভিত্তি করেই ছবিতে একটি বেড়াল বা হরিণ দেখতে পাবেন। যে প্রাণীকেই দেখুন না কেন, এটা আসলে দৃষ্টিবিভ্রম। যা মস্তিষ্কেই তৈরি হয়েছে। যদি খুঁটিয়ে লক্ষ করেন, তবে সেই বিভ্রম কেটে যায়!’
মস্তিষ্কের বাঁ-দিক বেশি সক্রিয় যাঁদের তাঁরা অনেক বেশি সৃজনশীল। অন্য দিকে, ডান দিক বেশি সক্রিয় হলে যুক্তিবাদী হওয়ার প্রবণতা থাকে বলে মনে করা হয়। যদিও এই ধাঁধার সমাধানে তা প্রমাণিত হয় কি না, সে নিয়ে সন্দিহান অনেকে। সূত্র -আনন্দবাজার পত্রিকা
