BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১২
আজকের সর্বশেষ সবখবর

চরকি পেল ৮টি পুরস্কার


মার্চ ১২, ২০২২ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ‘স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’-এ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির কনটেন্ট থেকে আটটি পুরস্কার এসেছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ ওয়েব সিরিজ, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীসহ কয়েকটি শাখায় দেওয়া হয়েছে এসব পুরস্কার।

গতকাল শুক্রবার রাতে চ্যানেল আই প্রাঙ্গণে বসেছিল চ্যানেল আই-স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের আসর। প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ এবং অতিথি ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার।

ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে ওয়েবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে চরকির খাঁচার ভেতর অচিন পাখি, শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কার জিতেছেন একই প্ল্যাটফর্মের নেটওয়ার্কের বাইরে ছবির মিজানুর রহমান আরিয়ান, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন খাঁচার ভেতর অচিন পাখির ফজলুর রহমান বাবু, একই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা।

শ্রেষ্ঠ ওয়েব সিরিজের পুরস্কার জিতেছে চরকির ঊনলৌকিক। ওয়েব সিরিজের শ্রেষ্ঠ পরিচালক হইচইয়ের সিরিজ মহানগর-এর আশফাক নিপুণ, সিরিজের শ্রেষ্ঠ অভিনেতা চরকির ইন্তেখাব দিনার (ঊনলৌকিক), অভিনেত্রী তাসনিয়া ফারিণ (লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, জি ফাইভের)।

নাটকে শ্রেষ্ঠ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন (বিলোপ), শ্রেষ্ঠ পরিচালক ভিকি জাহেদ (পুনর্জন্ম), শ্রেষ্ঠ অভিনেতা আফরান নিশো (বিলোপ), অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা (অহং), মেহজাবীন চৌধুরী (পুনর্জন্ম)। শ্রেষ্ঠ রাইজিং স্টার হিসেবে পুরস্কৃত হয়েছেন চরকির তাসনিয়া ফারিণ (তিথির অসুখ) ও মোস্তফা মন্ওয়ার (জাগো বাহে)। শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শাহরিয়ার পলকের ‘রাত জাগা পাখি’, শ্রেষ্ঠ ইউটিউব কনটেন্ট নাদিরের ‘এটাই আসল ঢাকা’, ফেসবুক কনটেন্ট শামীমা শ্রাবণীর ‘কুত্তা কেন বলো, টাইসন বলো’, শ্রেষ্ঠ এডুটেনমেন্ট কনটেন্ট জুবায়ের তালুকদারের ‘ফটোগ্রাফি কম্পোজিশন ফর বিগিনার্স’, অ্যাগ্রোটেক দেশের প্রথম আবহাওয়া পূর্বাভাসবিষয়ক ডিজিটাল তথ্যসেবা মার্স, হেলথটেক স্টেমসেল থেরাপিতে অবদানের জন্য টটি সেল।

এ ছাড়া অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের রূপকার হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।