বিডি সিলেট ডেস্ক : রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ঘরে ফিরুক সেটাই আওয়ামী লীগ চায় বলেও জানান হানিফ।
সোমবার (৩ জানুয়ারি) সকালে দলটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নোত্তরে হানিফ বলেন, রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বিএনপি। আমার বিশ্বাস, সংলাপে সব দল অংশ নেবে। তবে দু-একটা দল অংশ না নিলেও রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠন করতেই হবে।
এ সময় তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে সৈয়দ আশরাফুল ইসলামের ভূমিকা জাতি মনে রাখবে। একজন মানুষের মধ্যে যেসব সভ্য আচরণ থাকা দরকার, সেগুলো সৈয়দ আশরাফুল ইসলামের কাছ থেকে অনুকরণীয় ছিল।
সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ কয়েকটি সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও দূরদর্শী একজন রাজনীতিবিদ। আমরা তাকে হারিয়েছি। এটা আমাদের একটা অপূরণীয় ক্ষতি।
এদিকে সৈয়দ আশরাফুল ইসলামের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। তার ছোট বোন সৈয়দ জাকিয়া নূর লিপি বলেন, তিনি (সৈয়দ আশরাফুল ইসলাম) কখনোই আড়ম্বর পছন্দ করতেন না। তার সেই ইচ্ছার প্রতিফলনই আমরা পরিবারের পক্ষ থেকে এদিনটিকে অনাড়ম্বরভাবেই পালন করার চেষ্টা করি।
আওয়ামী লীগের দুঃসময়ে সবসময় সোচ্চার ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। দুবার দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে ছিলেন সৈয়দ আশরাফ। ২০১৯ সালের ৩ জানুয়ারি ৬৭ বছর বয়সে মারা যান সৈয়দ আশরাফ।
