নিজস্ব প্রতিবেদক: সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২১ আগষ্ট) সন্ধ্যা ৭টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ৩১তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ব্যাপক আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ আগষ্ট সোমবার বেলা ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩০ মিনিট অবস্থান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, রেলষ্টেশন, বিমানবন্দর ও ট্রাফিক সিগন্যালে সাধারণ পথচারী এবং যানবাহনের যাত্রীদের পথ আটকে জোরপূর্বক টাকা দাবি করে হিজড়া ও ভিক্ষুকরা। প্রকৃত হিজড়া ও বিকলাঙ্গ ভিক্ষকদের পাশাপাশি একশ্রেণীর অপরাধী চক্র কৃত্রিম উপায়ে নকল হিজড়া সেজে ও সম্পূর্ণ সুস্থ ভিক্ষুকরা বেপরোয়াভাবে এই চাঁদাবাজি ও অপরাধমূলক কাজ পরিচালনা করছে। হিজড়া ও প্রতিবন্ধী ভিক্ষুক জনগোষ্ঠী আমাদের সমাজেরই অংশ। আমরা তাদের মৌলিক অধিকারের পরিপন্থী নই। কিন্তু সাহায্যের নামে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে এবং জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
সভায় বক্তারা আরো বলেন, সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলবাজী নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ফুটপাত ও রাস্তা দখল চলছেই। নগরবাসীর অব্যাহত আপত্তিতেও বন্ধ হচ্ছে না দখলদারবাজদের দৌরাত্ম্য। নগরীর ব্যস্ততম এলাকাগুলোর অনেক জায়গায় সড়কের দুই পাশের ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকানপাট। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের ওপর বসে গেছে পণ্যের পসরা। দখলকৃত ফুটপাত ও রাস্তায় পথ চলতে পথচারীর যন্ত্রণাময়-নাভিশ্বাস যেন নিত্যদিনের সঙ্গী। যে যার ইচ্ছামতো ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবহার করছে, কেউ আবার অনেক এলাকায় নির্মাণসামগ্রী মাসের পর মাস ফেলে রেখে সমস্যার সৃষ্টি করছে। শহরে যানজটের একটা বড় কারণ, এই যত্রতত্র গাড়ি পার্কিং আর ফুটপাত দখল করে স্থায়ী-অস্থায়ী দোকান নির্মাণ। অবৈধভাবে ফুটপাত দখলে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সর্বস্তরের ছাত্রছাত্রী ও পথচারীরা।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। সভায় এই দাবীর উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না। সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, এম.এ আলী জালালাবাদী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সহ-যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, বিভাগীয় কমিটির সদস্য মোঃ তানজিদ আহমদ আনন্দ, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মলয় বিকাশ দাস, মোঃ গৌরস আলী, দিলীপ আচার্য, মোঃ আনিসুল হক ও হরিমোহন রায় প্রমুখ।
