সিলেট নগরীতে ছিনতাই – চুরি বন্ধ,মশক নিধন ও বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অদ্য ১১এপ্রিল শনিবার বিকাল ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, জেলা সদস্য এমএ ওয়াদুদ,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি শহীদ আহমদ, জাহেদ আহমদ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মেঘদাদ মেঘ, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমেদ, রাছেল মিয়া, প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,সিলেট নগরীতে সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতি-ছিনতাই এর ঘটনায় নগরবাসী আতংকিত।চুরি-ডাকাতি- ছিনতাই রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। প্রশাসনের ভূমিকায় নগরবাসীকে হতাশা করেছে। নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও প্রশাসনের। বক্তারা চুরি -ডাকাতি-ছিনতাই রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নগরজীবনে স্বস্তির পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনকে সকলের জন্য বাসযোগ্য নগরী গড়ে তোলা আমাদের দীর্ঘদিনের দাবি। কিন্তু বিগত সময়ে পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় সিলেট সিটি কর্পোরেশন আজ নানাবিধ সমস্যায় জর্জরিত। নগরীতে রয়েছে বিশুদ্ধ পানির সংকট। একসময়ের সবুজ শ্যামল নগরী উন্নয়নের নামে বৃক্ষরাজি কেটে ইট পাথরের নগরীতে পরিণত করা।
বক্তারা বলেন, বর্তমানে মশক যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার না থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা নগরবাসীর দুর্ভোগের আরেকটি কারণ।
বক্তারা অবিলম্বে মশক নিধন ও বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনসহ নগরীর বিদ্যমান সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
