BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৯
আজকের সর্বশেষ সবখবর

মিশিগানে ১০৮ কণ্ঠে দ্বিতীয় সমবেত গীতা পাঠ উৎসব অনুষ্ঠিত


ডিসেম্বর ১৫, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::- আন্তর্জাতিক হিন্দু পরিষদের উদ্যোগে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী ডেট্রয়েট দুর্গা টেম্পলে ১৪ ডিসেম্বর (রোববার) কনকনে শীত উপেক্ষা করে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয়েছে ১০৮ কণ্ঠে দ্বিতীয় সমবেত গীতা পাঠ উৎসব।

দুপুর ১২টার মধ্যে অংশগ্রহণকারী ভক্তরা মন্দিরের গর্ভগৃহে সমবেত হন। আয়োজকদের ঘোষিত ড্রেস কোড অনুযায়ী পুরুষরা সাদা পাঞ্জাবি ও ধুতি-পায়জামা এবং নারীরা লাল পাড় শাড়ি বা কামিজ পরিধান করেন। বিধবারা সাদা পাড় শাড়িতে অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে রুমাল ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে উৎসব কমিটির আহ্বায়ক, মুখপাত্র ও আন্তর্জাতিক হিন্দু পরিষদের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হারান কান্তি সেন বলেন, নতুন প্রজন্মের কাছে শ্রীমদ্ভগবদ্গীতার মর্মার্থ পৌঁছে দেওয়া এবং সব বয়সের মানুষকে গীতা পাঠে আগ্রহী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

শুভেচ্ছা বক্তব্যে আন্তর্জাতিক হিন্দু পরিষদের সদস্য ও মিশিগান দুর্গা টেম্পলের সভাপতি শ্রী পংকজ দাশ বলেন, এ ধরনের ধর্মীয় উদ্যোগ মানুষের চেতনাকে সমৃদ্ধ করে এবং দুর্গা টেম্পল সব সময় এমন আয়োজনে পাশে থাকবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সত্যব্রত কর বলেন, প্রবাসে এত সুন্দর আয়োজন ও বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। সনাতন ধর্ম ও সংস্কৃতি রক্ষায় প্রতিটি পরিবারে গীতা চর্চা অপরিহার্য।

পরবর্তীতে শঙ্খধ্বনি ও মহিলাদের সমবেত উলুধ্বনির মাধ্যমে রাধা-মাধব বিগ্রহের সামনে প্রদীপ প্রজ্বালন করা হয়। দুর্গা টেম্পলের প্রধান পুরোহিত শ্রী পারিন্দ্র চক্রবর্তী সমবেত গীতা পাঠ পরিচালনা করেন। এতে শ্রীমদ্ভগবদ্গীতার তিনটি ষটকের তিনটি অধ্যায় সমবেত কণ্ঠে পাঠ করা হয়।

গীতা পাঠ শেষে কীর্তন অনুষ্ঠিত হয় এবং সর্বশেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রসাদ স্পন্সর করে দাশ এন্টারপ্রাইজ। এছাড়া দুর্গা টেম্পলে ১০৮টি গীতা স্ট্যান্ড প্রদান করার ঘোষণা দেন প্রধান অতিথি শ্রী সত্যব্রত কর।

ভক্তিময় পরিবেশ ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনে অনুষ্ঠানটি প্রবাসে সনাতন সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।