বিডিসিলেট ডেস্ক : সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। রোববার (২৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
আজাদ মজুমদার জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন তদন্ত কমিটির প্রধান। তবে তদন্তকাজ এখনো চলমান আছে। ইতোমধ্যে তদন্তদল অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এরমধ্যে দেশে বেশকিছু আলামতের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে প্রয়োজন হলে বিদেশেও কিছু আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ার পর তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
অপর এক প্রশ্নের জবাবে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, অগ্নিকাণ্ড ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। তদন্তের স্বার্থে সচিবালয়ে প্রবেশ সীমিত করা হয়েছে। তবে আগামীকাল (সোমবার) থেকে অস্থায়ী পাসের ভিত্তিতে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।
সচিবালয়ে প্রবেশে প্রাথমিকভাবে ১৬০ জন সাংবাদিক ছাড়াও টেলিভিশনের ৪০ জন ভিজে-কে অস্থায়ী পাস দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এর বাইরেও ডিএমপির অস্থায়ী সেল থেকে সাংবাদিক বা যাদের প্রয়োজন তারাও পাস সংগ্রহ করতে পারবেন।
আজাদ মজুমদার বলেন, নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা না পর্যন্ত বিদ্যমান কার্ডের লিগ্যালিটি থাকবে। তবে কার্ড ইস্যুর ক্ষেত্রে সরকার রিভিউ করবে। যাতে সাংবাদিক নামধারী কোনো দালাল সচিবালয়ে প্রবেশ করতে না পারে।
