BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৬
আজকের সর্বশেষ সবখবর

বর্তমানে ১৩ কোটি মানুষ সারাদেশে ইন্টারনেট ব্যবহারকারী: প্রতিমন্ত্রী পলক


সেপ্টেম্বর ২৪, ২০২২ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক: সারাদেশে বর্তমানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১১ নভেম্বর ভোলা জেলার চর কুকরি- মুকরিতে যখন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন তখন সারাদেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল ৫৬ লাখ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির ‘নবীনবরণ এবং কৃতি সংবর্ধনা ২০২২’ উপলক্ষে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাটোর-৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।

সমিতির সভাপতি সাব্বির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তৃতা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস প্রমুখ।

প্রতিমন্ত্রী আরো বলেন, ডিজিটাল সেন্টার উদ্বোধন কালে প্রধানমন্ত্রী তরুণদের পাশাপাশি একজন তরুণীকে উদ্যোক্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত  দিয়েছিলেন। বর্তমানে ৮ হাজার ৩৬৩ টি ডিজিটাল সেন্টারে ১৬ হাজারের উপরে তরুণ-তরুণী উদ্যোক্তা হিসেবে কাজ করছে। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে।

তিনি বলেন, প্রতিমাসে ১ কোটি মানুষ এসব সেন্টার থেকে সেবা গ্রহণ করছে। সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ঘরে বসেই দেশ-বিদেশে ব্যবসা করছে। এটাই হল শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।

প্রতিমন্ত্রী মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে  নিজেদেরকে আগামী দিনের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

পরে তিনি নাটোর জেলার ৭ উপজেলার ৭ জন কৃতিশিক্ষার্থীর মাঝে ল্যাপটপ প্রদান করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।