BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৯
আজকের সর্বশেষ সবখবর

বাংলায় হজের খুতবা শোনা যাবে যে ওয়েবসাইটে


জুলাই ৭, ২০২২ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: এ বছর আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। সৌদি আরবের স্থানীয় সময় আগামী ৯ জিলহজ (বাংলাদেশ সময় আগামী শুক্রবার) এ খুতবা দেবেন তিনি। একই সঙ্গে মসজিদে নামিরাতে নামাজেও ইমামতি করবেন। মঙ্গলবার হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসাকে নিযুক্ত করেন।

শায়খ ড. আল ঈসা একজন সৌদি রাজনীতিক এবং দেশটির সাবেক বিচারমন্ত্রী। বর্তমানে তিনি রাবেতা আল আলম আল ইসলামির সেক্রেটারি জেনারেল ও ইন্টারন্যাশনাল ইসলামিক হেলাল অরগানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

শায়খ মোহাম্মদ আল ঈসা সৌদির স্থানীয় সময় আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে হাজিদের উদ্দেশে খুতবা দেবেন।

এ বছরও হজের আরবি খুতবা বাংলাসহ মোট ১৪টি ভাষায় শোনা যাবে। হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন দুজন। তাঁরা হলেন, মোহাম্মদ শোয়াইব রশীদ ও তাঁর সহকারী খলিলুর রহমান।

মোহাম্মদ শোয়াইবের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে হাদিসের ওপর পিএইচডি করছেন। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া, তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব। তাঁর স্ত্রীও উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

খলিলুর রহমান মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে পিএইচডি করেছেন।

বাংলায় হজের খুতবা শোনা যাবে এ ওয়েবসাইটে https://manaratalharamain.gov.sa

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।