BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৩
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১


নভেম্বর ২৯, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে আওয়ামী লীগের এক সমর্থক নিহত হয়েছেন।

এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় ৪৫ মিনিট পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ থাকে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার হাফিজুর সিপাহীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি অর্ধশতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগ সমর্থক ইব্রাহিম সিপাহী নিহত হন।

এ বিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী বলেন, ইব্রাহিম সিপাহী নামের এক যুবকের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে। তার ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।