BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ সীমান্তে নাইট ভিশন ও থার্মাল ড্রোনে নজরদারি জোরদার করছে বিজিবি


নভেম্বর ২৬, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ব্যবহার করছে বাহিনীটি। পাশাপাশি নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় নৌযান ও বিশেষ যানবাহনের মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এর অংশ হিসেবে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করছে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি রাতের টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এসব সরঞ্জাম বাড়ানো হচ্ছে। এছাড়া নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনের ব্যবহার করা হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় বিভিন্ন নৌযান এবং অল-টেরেইন ভেহিকল (এটিভি) দিয়ে টহল পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ আটটি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। একই সময়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সীমান্তে সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে স্থানীয় লোকজন বিজিবিকে সহযোগিতা করছেন।

সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সীমান্ত সুরক্ষার কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।