BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০২
আজকের সর্বশেষ সবখবর

অচল সাজেক, দৈনিক ২ কোটি টাকা ক্ষতির মুখে ব্যবসায়ীরা


নভেম্বর ২১, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

আঞ্চলিক দলের আধিপত্য, সড়ক অবরোধ এবং প্রশাসনের নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে পর্যটকশূন্য হয়ে পড়েছে রাঙামাটি সাজেক। ভরা পর্যটন মৌসুমে এমন অচলাবস্থায় প্রতিদিন গড়ে প্রায় দুই কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে চলা অবরোধ, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞায় ‘মেঘের রাজ্য’ খ্যাত সাজেক কার্যত অচল হয়ে পড়েছে। তালাবদ্ধ রয়েছে অধিকাংশ হোটেল-রিসোর্ট ও দোকানপাট। ফাঁকা পড়ে আছে পাহাড়ি সড়ক ও পর্যটন স্পটগুলো। মাঝখানে কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের চলাচলে কিছুটা ছাড় দেওয়া হলেও পর্যটন কার্যক্রম এখনও পুরোপুরি বন্ধ।

সাজেকের অর্থনীতি অনেকাংশেই পর্যটননির্ভর। রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ, চাঁদের গাড়ি, মাহেন্দ্র, পর্যটক পরিবহন ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ এখন কর্মহীন। আয় বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন চালক ও শ্রমিকরা।

স্থানীয় ব্যবসায়ীদের তথ্য মতে, সাজেকে প্রায় ১৩৫টি রিসোর্ট রয়েছে। এসব রিসোর্টে দুই শতাধিকের বেশি কক্ষ রয়েছে। ছুটির দিনগুলোতে প্রায় তিন হাজার পর্যটক সেখানে বেড়াতে যান। প্রতিটি কক্ষের ভাড়া তিন হাজার টাকা হিসাবে দৈনিক প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। অন্যদিকে চাঁদের গাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে প্রায় ৫০০টি। এসব গাড়ির ভাড়া ৬ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। গড়ে গাড়ি ভাড়া বাবদ দৈনিক প্রায় ৪০ লাখ টাকার লেনদেন হয়। রেস্তোরাঁ ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ও ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে প্রতিদিন আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি হচ্ছে।

সাজেকের রুইলুই রিসোর্টের পরিচালক সুব্রত দে বলেন, সাজেকে প্রায় তিন হাজার পর্যটকের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। থাকা-খাওয়া ও যাতায়াত বাবদ জনপ্রতি পাঁচ হাজার টাকা হিসাবে প্রতিদিন গড়ে দেড় কোটি টাকার লেনদেন হতো, যা এখন পুরোপুরি বন্ধ। তিনি আরও বলেন, এখন কর্মচারীদের বেতন ও ব্যাংকঋণের টাকা পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে ব্যবসা চালানো কঠিন হয়ে যাবে।

সাজেক এফএনএফ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী উজ্জ্বল দাশ বলেন, সাজেকে ১৩৫টির বেশি রিসোর্ট রয়েছে, যেখানে দুই শতাধিকের বেশি কক্ষ রয়েছে। এসব রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ ও গাড়ি ভাড়াসহ প্রতিদিন প্রায় ২ কোটি টাকার ব্যবসা হতো। কিন্তু সাজেক বন্ধ থাকায় সব খাতের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তিনি আরও বলেন, ডিসেম্বর এলেই আঞ্চলিক দলগুলোকে চাঁদা দিতে হয়। এখন ব্যবসা করতে না পারায় নির্ধারিত সময়ে চাঁদা দেওয়া সম্ভব হচ্ছে না। সঠিক সময়ে চাঁদা না দিলে তারা নতুন নতুন সমস্যা সৃষ্টি করে। ব্যবসা করতে এসে আমরা নানা ধরনের চাপের মুখে পড়ছি।

সাজেকের পর্যটন উদ্যোক্তা মো. শাহীন রেজা বলেন, সাজেকে তার তিনটি রিসোর্টে ১২ জন কর্মচারী কাজ করেন। গত মাস পর্যন্ত বেতন দিতে পারলেও চলতি মাসে এখনও দিতে পারেননি। ব্যাংকঋণের মাসিক ৬০ হাজার টাকার কিস্তিও এ মাসে বকেয়া পড়েছে। কীভাবে খরচ সামলাবেন, সেই চিন্তায় রয়েছেন তিনি। অবরোধ প্রত্যাহারে এখনো আশানুরূপ কোনো অগ্রগতি দেখছেন না বলেও জানান তিনি।

এদিকে আন্দোলনকারীদের দাবি, সাজেক থেকে জেএসএসকে সরিয়ে দেওয়াসহ পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি হেডম্যানদের নিয়ে তিন সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করা হয়েছে। তবে স্থানীয় নেতৃত্ব ও আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি।

সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবরোধ চলবে। জেএসএসের কারণে এ সংকট ও সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের সরিয়ে নিলেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা। জেএসএসের সশস্ত্র সদস্যরা নিয়মিত স্থানীয়দের হুমকি-ধমকি দিচ্ছেন। সরকার তাদের সরিয়ে নিলে অবরোধ তুলে নেওয়া হবে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, সাজেক বন্ধ থাকার সময় যত দীর্ঘ হচ্ছে, ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির চাপ ততই বাড়ছে। যত দ্রুত সমস্যার সমাধান হবে, তত দ্রুত স্থানীয়দের অর্থনৈতিক চাকা সচল হবে। সরকারের কাছে জোর দাবি, যাতে সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সাজেকে পর্যটক প্রবেশে বাধার প্রধান কারণ নিরাপত্তা। অবরোধের কারণে সেখানে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার খবর পেলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।