গাজীপুরের মির্জাপুর বাজারে গত ২ নভেম্বর পোশাকশ্রমিকদের আন্দোলনে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হন পোশাকশ্রমিক তৌফিক হোসেন (২৩)। পরদিন ৩ নভেম্বর তার মৃত্যু হয়। এর ১৫ দিন পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত ছাড়াই নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাশ দাফন করা হয়েছে।
এশিয়া পোস্টের অনুসন্ধানে পাওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন আন্দোলনকারীদের ঠেকাতে নোমান টেরি টাওয়েল মিলসের সামনে অবস্থান নেয় একদল লোক। তাদের মধ্যে মিলের কর্মচারীরাও ছিলেন।
তৌফিকের বন্ধু ও প্রত্যক্ষদর্শী সাব্বিরের দাবি, নোমান গ্রুপের লোকজন রড ও লাঠি দিয়ে তাকে বেদম মারধর করে। মিল কর্তৃপক্ষ একদিকে ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কেউ এ নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি নন।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ১ নভেম্বর গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু হয়। পরদিন ২ নভেম্বর গাজীপুরের ভাওয়াল পূর্ব মির্জাপুর বাজারে অবস্থান নেন আন্দোলনকারী শ্রমিকরা। বাজারে সোহাগ এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে বিক্ষোভের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ওই সময় ঘটনাস্থলে ছিলেন লায়লা স্টাইলস লিমিটেডের কাটিং বিভাগের শ্রমিক তৌফিক হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তৌফিক মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করছিলেন; এমন দাবিতে কয়েকজন তার ওপর চড়াও হন। এলোপাতাড়ি মারধরের পর গুরুতর আহত তৌফিককে ঘটনাস্থলে ফেলে রাখা হয়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দিনের সিসি ক্যামেরার একটি ফুটেজ এশিয়া পোস্টের হাতে এসেছে। ক্যামেরাটি নোমান গার্মেন্টসের কয়েক মিটার দূরে বসানো। ফুটেজ অনুযায়ী ২ নভেম্বর দুপুর ১টা ১০ মিনিটে নোমান টেরি টাওয়েল মিলসের সামনে চারজন পরিস্থিতির ওপর নজর রাখছিলেন। এশিয়া পোস্টের অনুসন্ধানে জানা যায়, তাদের একজন মিলের সিকিউরিটি ইনচার্জ রফিক, একজন অ্যাডমিন অফিসার রাশেদ। বাকি দুজন প্রতিষ্ঠানটির কর্মচারী। ফুটেজে ১টা ৩৬ মিনিটে ভবনের সামনে মিলের শ্রমিক আল আমিনকে অবস্থান নিতে দেখা যায়। কিছুক্ষণ পর সেখানে আসেন মিলের কর্মচারী মোহাম্মদ আলী, সৈকতসহ আরও ১০ থেকে ১৫ জন। তাদের মধ্যে বহিরাগত লোকজনও ছিল। ফুটেজ দেখে আল আমিনকে শনাক্ত করে এশিয়া পোস্ট।
আল আমিন এশিয়া পোস্টকে বলেন, আন্দোলনকারীরা যাতে মিলের দিকে যেতে না পারেন, সে জন্য তাদের ওপর নজর রাখতে বলেছিল মিল কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয় অনেক প্রভাবশালীকে নিয়ে আসা হয়। ওই সময় সেখানে অবস্থান নেওয়া বেশিরভাগকে তিনি চিনতেন না।
আল আমিন জানান, কয়েকটি দলে ভাগ হয়ে তারা মিলের আশপাশে অবস্থান নেন। প্রতিটি দলে ছিল ১৫ থেকে ২০ জন।
নাম প্রকাশ না করার শর্তে নোমান মিলসের এক নিরাপত্তারক্ষী এশিয়া পোস্টকে বলেন, আন্দোলনকারীদের রুখতে বহিরাগতদের এনেছিল মিল কর্তৃপক্ষ। চাকরির নিরাপত্তার কারণে তিনি নাম প্রকাশে রাজি হননি। তবে তার বক্তব্যের ভিডিও এশিয়া পোস্টের হাতে আছে। ফুটেজ দেখে মিলের কর্মচারীদের পরিচয় বলতে পারলেও বহিরাগতদের কাউকে শনাক্ত করতে পারেননি তিনি।
ঘটনার দিন আন্দোলনের পক্ষে ১০ থেকে ১২ জনের একদল শ্রমিক দুপুর ২টা নাগাদ মিছিল নিয়ে নোমান মিলসের দিকে এগিয়ে এলে সেখানে অবস্থানরত মিলের কর্মচারী ও বহিরাগতদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়।
সেখানে উপস্থিত ছিলেন তৌফিকের বন্ধু ও লায়লা স্টাইলসের কর্মী সাব্বির। প্রত্যক্ষদর্শী এই শ্রমিক এশিয়া পোস্টকে বলেন, ‘আমি ও তৌফিক কারখানা থেকে লাঞ্চ করতে বাসায় আসি। ফেরার পথে শুনতে পাই, গার্মেন্ট ছুটি হয়ে গেছে। এ সময় মির্জাপুর পূর্বপাড়া বাজারের কিছু লোক শ্রমিকদের ধাওয়া করলে আমরা দুজন মাঝখানে পড়ে যাই। আমি রাস্তার এপার চলে আসার পর নোমান গ্রুপের লোকজন রড ও লাঠি দিয়ে বেদম মারধর করতে থাকে। আহত অবস্থায় তৌফিককে সেখানে ফেলে রেখে চলে যায়। পরে তৌফিককে মাটি থেকে তুলে হাসপাতালে নিয়ে যাই।’
ঘটনার সময় নোমান মিলসের শ্রমিক শরিফুল ইসলাম ডিউটিতে ছিলেন। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা ডিউটি অবস্থায় ছিলাম। ২টায় বের হওয়ার পর শুনি, মারামারি হয়েছে। আমাদের অফিসাররা ছিল, তারা লোক ভাড়া করে নিয়ে ছেলেটাকে মারছে। ছেলেটা মারা গেছে। আমরা আর কিছু চাই না। নোমান গ্রুপের যে অফিসার ছিল তাদের বিচার চাই।’
তৌফিকের বড় ভাই মো. হারুন এশিয়া পোস্টকে জানান, দুপুর ২টার দিকে তার ভাই আহত হন। সঙ্গে থাকা বন্ধু সাব্বির তাকে শনাক্ত করে গাড়িতে তুলে দেন। প্রথমে তাজউদ্দীন হাসপাতালে নেওয়া হলে সেখানে অবস্থার অবনতি হয়। পরে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সারারাত আইসিইউতে ছিলেন।
হারুন জানান, একজন চিকিৎসক তাকে বলেছিলেন, এ ধরনের রোগীকে তারা বাঁচাতে পারবেন না এবং তার ভাইকে তারা অন্য কোনো সরকারি হাসপাতালে নিয়ে যেতে পারেন। তার দাবি, ৩ নভেম্বর হাসপাতাল থেকে বের করার পর তৌফিক মারা যান।
মৃত্যুর পর লাশ নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হন স্বজনরা। মির্জাপুর ইউনিয়নের সাগর মার্কেট এলাকায় একটি স্কুলের পাশে তৌফিকের জানাজা হয়। হারুন জানান, জানাজার পর নোমান গার্মেন্টসের লোকজন তাদের ১০ মিনিটও সেখানে থাকতে দেয়নি। জানাজা শেষ হতেই গাড়ি নিয়ে চলে যেতে বলা হয়।
ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও কোনো মামলা হয়নি। হামলায় আহত হয়ে মারা গেলেও তৌফিকের ময়নাতদন্ত করা হয়নি। ফলে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও কোনো নথিতে নেই।
মামলার বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, তারা কোনো মামলা করতে চান না। প্রতিদিনের জীবনযাপন চালাতেই কষ্ট হয়, মামলা চালানোর মতো সামর্থ্য নেই। তবে গাজীপুর থেকে মরদেহ নিয়ে রওনা দেওয়ার পর জয়দেবপুর থানা পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করেছে। পরে জয়দেবপুর থানা পুলিশ বিভিন্ন থানার মাধ্যমে তাদের তদারকি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়।
বহিরাগত সন্ত্রাসী এনে শ্রমিক আন্দোলন দমনের অভিযোগ নিয়ে জানতে নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেডে যান এশিয়া পোস্টের প্রতিবেদক। দীর্ঘ সময় অপেক্ষার পরও কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সিকিউরিটি ইনচার্জ ব্যস্ততার কথা বলে পরে যোগাযোগ করতে বলেন। পরে ফোন করা হলে অ্যাডমিন ম্যানেজার শহিদুল ইসলাম সিকিউরিটি ইনচার্জের মাধ্যমে জানান, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করবেন না। এই ঘটনার সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই। অ্যাডমিন ম্যানেজারের যোগাযোগের নম্বর চাইলে সিকিউরিটি ইনচার্জ জানান, নম্বর দেওয়ার অনুমতি নেই।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘একটি কারখানা বন্ধের জন্য বহিরাগত কিছু লোক সেখানে গিয়ে চাপ সৃষ্টি করে। কারখানা কর্তৃপক্ষ বন্ধ করতে রাজি না হওয়ায় বহিরাগতদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে এক শ্রমিক গুরুতর আহত হন, পরে তার মৃত্যু হয়েছে। ঘটনার সময় সেখানে পুলিশের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।’
জয়দেবপুর থানার ওসি আল মামুন বলেন, ‘এখনও মামলা হয়নি। ময়নাতদন্তের বিষয়ে আপাতত বলতে পারব না। সবকিছুর তথ্য সংগ্রহের চেষ্টা করছি।’
বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সহসাধারণ সম্পাদক শফিউল আলম বলেন, ‘স্থানীয় প্রশাসনের দায়িত্ব ছিল নিজ উদ্যোগে ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করা। এখানে আমরা প্রশাসনের কিছুটা গাফিলতি লক্ষ করছি। তার সুচিকিৎসা যদি সে পেত, হয়তো আজকে আমরা তৌফিককে হারাতাম না। পরিবারের পক্ষ থেকে কেন মামলা করা হয়নি, তা আমাদের বোধগম্য নয়। রাষ্ট্রের পক্ষ থেকেও মামলার বিধান আছে। প্রশাসনের দায়িত্ব ছিল পরিবারকে আইনি সাপোর্ট দেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করা।’
