শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এর পেছনে পরাজিত শক্তির উসকানি রয়েছে।
সোমবার বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর দরগাহ গেট এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রিজভীর সিলেট সফর উপলক্ষে জেলা বিএনপি এ সভার আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তির লোকজন শ্রমিকদের বিভিন্নভাবে উসকানি দিয়ে আন্দোলনে নামানোর চেষ্টা করছে। এর দৃষ্টান্তও রয়েছে। রোববার ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের একজন ওই উসকানির সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের কর্মকাণ্ডের বিষয়টি একজন ফেসবুকে পোস্ট দিয়ে স্বীকার করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদকও এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বলে জানান তিনি।
জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সরকারের বয়স মাত্র আট মাস। কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে? সরকার দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই করছেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, কঠিন সংকটের মুখে সরকার দায়িত্ব নিয়েছে। এর মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে। এতে দেশের কলকারখানা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ বিভিন্ন খাতে সংকট তৈরি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিকল্প দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় কে উপযুক্ত প্রার্থী, কার জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনা রয়েছে, তা স্থানীয় নেতারা নির্ধারণ করবেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনার মাধ্যমে প্রার্থী বাছাই করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ কার্যক্রম আরও জোরদার হবে।
মতবিনিময় সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, এমপি, এমএ মালিক এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।
