বিডি সিলেট : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের সর্বস্তরের সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, শনিবারের সমাবেশ শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হবে।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
যৌথ সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেটভিউটোয়েন্টিফোর.কমের সম্পাদক শাহ দিদার আলম নবেল।
সমাবেশ সফল করতে সিলেটের সব সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
