BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৫
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে সংঘর্ষে আহত যুবকের হাসপাতালে মৃত্যু, আটক ৪


অক্টোবর ২৮, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত মুজিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর) ভোরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) মুজিবুর রহমানের চাচাতো ভাই মতিউর রহমান (৫০) সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষের ঘটনায় নিহতরা উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চন্ডি হেদায়েতপুর) গ্রামের বাসিন্দা। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

জগন্নাথপুর থানার এসআই নূর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।তাদেরকে সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পীরেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে আলমগীরের সাথে একই গ্রামের আছির উল্লাহর ছেলে আবুল কাশেমের জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এরই জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালীন আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান প্রতিপক্ষের ছুলফির আঘাতে বুকে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিউরকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে মতিউর রহমানের পক্ষের মুজিবুর (৩৮) ও আতাউরকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।