BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৫
আজকের সর্বশেষ সবখবর

গণঅধিকার পরিষদ সরে গেলে বিএনপির ভিত নড়ে যাবে: ফরহাদ হোসেন


অক্টোবর ২৭, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে গণঅধিকার পরিষদ বিএনপির পাশ থেকে সরে গেলে দলটির ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা অংশ নেন।

সভায় গণঅধিকার পরিষদের নেতারা বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা ৫ আগস্ট পর্যন্ত মাঠে ছিলেন এবং গণ-অভ্যুত্থান সফল করতে ভূমিকা রেখেছেন। এরপর বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। সরকারে বিএনপি জোটসঙ্গী হলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।’

বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে যে আচরণ করছেন তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ তার প্রতিপক্ষের সঙ্গে আচরণ করছে। কিন্তু আওয়ামী লীগের সময় একটা ওয়ার্ডের নেতা-কর্মীর ভয়ে আপনারা ঘরে থাকতে পারেননি, ধানখেতে ঘুমাতে হয়েছে। সে সময় গণআধিকার পরিষদ কথা বলত, কথা বলার মাধ্যমে বিপ্লব সংঘটিত করে আপনাদের ক্ষমতায় বসিয়েছি। সেই গণঅধিকার পরিষদকে আপনারা সঙ্গে নিয়েছেন, কিন্তু তার ন্যায্য অধিকার দেননি।’

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, ‘বিভিন্ন অফিস-আদালতে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের আপনারা মূল্যায়ন করতে চান না। আপনারা হয়তো ভাবছেন লাখ লাখ নেতা-কর্মী আছে, হাসিনারও লাখ লাখ নেতা-কর্মী ছিল। কিন্তু তিনি দেশে থাকতে পারেননি, পালিয়ে গেছেন। অতএব জোটসঙ্গীকে মূল্যায়ন করেন। কারণ, এই মুহূর্তে যদি বিএনপির পাশ থেকে গনঅধিকার পরিষদ সরে যায়, তাহলে বিএনপির ভিত নড়ে যাবে।’

তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপিও গণঅধিকার পরিষদকে বিএনপি থেকে দূরে সরানোর চেষ্টা করছে বলে। তবে গণঅধিকার পরিষদের নেতৃত্ব সেই ফাঁদে পা দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শেখ রুবেল, জ্যেষ্ঠ সহসভাপতি ফিরোজ শেখ, সহসভাপতি মনির চৌধুরী, জিয়া খান, আলীমুজ্জামান লাবলু ও আলমগীর শিকদার, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বিপুল এবং শ্রমিক অধিকার পরিষদের সহসভাপতি সোহেল খান প্রমুখ।

অনুষ্ঠানে ফরিদপুরের বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।