BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৪
আজকের সর্বশেষ সবখবর

রোনালদো নাকি মেসি, পেনাল্টি মিসে কে এগিয়ে?


অক্টোবর ২১, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : মাঠের বাইরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। অনুমতি ছাড়া জাতীয় দলের ক্যাম্প ছাড়াই এক মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুণতে হচ্ছে তাকে। এবার মাঠের ভেতরেও ব্যর্থতার গ্লানিতে আরেকবার নাম তুললেন সিআর সেভেন।

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। তবে ঘটনা এখানেই শেষ নয়, সহজ একটি সুযোগও কাজে লাগাতে পারেননি পর্তুগিজ এই মহাতারকা। তবে ঠিকই জয় পেয়েছে তার দল আল-নাসর।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে নিওম এসসিকে ১-০ গোলে হারায় তারা।

এদিন প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি পায় আল-নাসর। স্পট-কিক নিতে এগিয়ে যান রোনালদো। কিন্তু তার জোরালো শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। হতাশায় দুই হাতে মুখ ঢেকে ফেলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে গোল করার আরেকটি সহজ সুযোগ পেয়েছিলেন রোনালদো। সতীর্থের ফ্রি-কিক থেকে সাদিও মানের হেডে বল পেয়েও ঠিকমতো শট নিতে না পারায় বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। দুই হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হতাশা প্রকাশ করেন পর্তুগিজ অধিনায়ক।

তবে রোনালদোর ব্যর্থতার দিনে আল নাসরের জয়ের নায়ক হন তারই স্বদেশি জোয়াও ফেলিক্স। ৬১তম মিনিটে তার করা গোলে পূর্ণ তিন পয়েন্ট পায় দলটি।

এদিকে রোনালদোর এই পেনাল্টি মিসের পর স্বাভাবিকভাবেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে তুলনা সামনে এসেছে। ক্যারিয়ারে এ নিয়ে ৩৭ বার পেনাল্টি মিস করেছেন রোনালদো। ২২১টি স্পট-কিক নিয়ে ১৮৪টিতে গোল করেছেন।

অন্যদিকে আর্জেন্টাইন মহাতারকা মেসি ক্যারিয়ারে ৩৫টি পেনাল্টি মিস করেছেন। ১৫০টি পেনাল্টি থেকে ১১৫টিতে গোল করেছেন।

পেনাল্টি মিসের মোট সংখ্যায় এগিয়ে রোনালদো। তবে দুজনের নেওয়া পেনাল্টির সংখ্যাও আলাদা। রোনালদো যেখানে ২২১টি স্পট-কিক নিয়েছেন, সেখানে মেসি ১৫০টি নিয়েছেন। ফলে শুধু মোট মিসের সংখ্যা দিয়ে দুজনের পেনাল্টি পারফরম্যান্সের পুরো চিত্র পাওয়া সম্ভব না।

এদিকে নিষেধাজ্ঞার মেয়াদ শেষে আগামী নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতেই জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে রোনালদোর। উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্তুগালের গ্রুপ পর্বে এখনও দুটি ম্যাচ বাকি। আগামী ১৫ নভেম্বর নিজেদের মাঠে ডেনমার্কের মুখোমুখি হবে স্বাগতিকরা। এর তিনদিন পর ওয়েলসের মাঠে খেলতে নামবে পর্তুগিজরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।