BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৬
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলে কেড়ে নিল দুই তরুণের প্রাণ


অক্টোবর ১৯, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক দুটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের অকাল মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিন তরুণ, যাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১৮ অক্টোবর) চুনারুঘাটে মোটরসাইকেল গাছে ধাক্কা লেগে এবং দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসব দুর্ঘটনা ঘটে।

দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল হিমেলের:

সুনামগঞ্জের দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হিমেল দাস (১৯) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহাতাপপুর গ্রামের মতি লাল দাসের ছেলে। এ ঘটনায় একই গ্রামের জয় দাস (২০) নামে আরেক তরুণ গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৪টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের ভরারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের তামিম মিয়া ও রন্নারচর গ্রামের সাইফুল মিয়া একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে হিমেল ও জয় অপর একটি মোটরসাইকেলে করে দিরাই সদরের দিকে যাচ্ছিলেন। ভরারগাঁও এলাকায় পৌঁছালে যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় হিমেল ও জয়কে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হিমেল দাসের মৃত্যু হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চুনারুঘাটে গাছে সজোরে ধাক্কা, নিহত ফাহিম:

অন্যদিকে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ফাহিম চৌধুরী (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। নিহত ফাহিম চুনারুঘাট উপজেলার বিলপাড় গ্রামের রাসেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে তিন বন্ধু ফাহিম, মাহি (১৯) ও শুভ (২২) ঘুরতে বের হন। আড্ডা শেষে রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মাহি ও শুভকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।