আপত্তিকর ভিডিও-ছবি এবং ভুয়া তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। এমন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব কনটেন্ট সরানোর দাবিতে দিল্লি হাই কোর্টে মামলা করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) করা এই মামলার শুনানিতে কঙ্গনার আইনজীবী তার সম্পর্কে প্রচারিত যৌন হেনস্থামূলক ভিডিও, আপত্তিকর পোস্ট, ভুয়া খবর এবং এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট নিয়ে আপত্তি জানান। এসবের মাধ্যমে অভিনেত্রীর মানহানি হচ্ছে। সেইসঙ্গে তার ব্যক্তিসত্তার অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
কঙ্গনার দাবি, প্রযুক্তির অপব্যবহার করে তার পরিচয় ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। তাই অনলাইনে ছড়িয়ে পড়া আপত্তিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট সরিয়ে ফেলার পাশাপাশি ব্যক্তিসত্তার অধিকার সুরক্ষায় আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
তবে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি কঙ্গনাই প্রথম নন। সাম্প্রতিক সময়ে একাধিক তারকা তাদের ছবি, পরিচয় ও ব্যক্তিসত্তার অপব্যবহার ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান এবং অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও অভিনেতা পবন কল্যাণ।
কাজের ক্ষেত্রে কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে। জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।
