BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১১
আজকের সর্বশেষ সবখবর

ভেঙে ফেলা কালভার্ট আট মাসেও পুনর্নির্মাণ হয়নি: ১০ হাজার মানুষের দুর্ভোগ


অক্টোবর ৫, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সড়ক ঈদগাহ বাজার-নালবহর সড়কটি সম্প্রতি সংস্কার হলেও একটি কালভার্ট পুনর্নির্মাণ না হওয়ায় স্থানীয়রা দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, কালভার্টটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিপনার কারণে ইউনিয়নের ১০ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। কালভার্টটি ভেঙে ফেলায় মাথিউরা ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের গ্রামগুলোর সঙ্গে আশপাশের অঞ্চলের গ্রামগুলোর সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে মাথিউরা ইউনিয়নের ঈদগাহ বাজার-নালবহর সড়কের ওপর একটি কালভার্ট পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল। গত ডিসেম্বর-জানুয়ারিতে পুরাতন কালভার্টটি ভেঙে ফেলে নতুন করে কালভার্ট নির্মাণকাজ শুরু করে ঠিকাদার বেলাল আহমদের প্রতিষ্ঠান। কিন্তু বৈরী আবহাওয়া ও বন্যার কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে।

আরেঙ্গাবাদ গ্রামের সায়াদ আলী বলেন, কালভার্টের পাশে ঠিকাদার প্রতিষ্ঠান পথচারী ও এলাকাবাসীর চলাচলের জন্য বাঁধ নির্মাণ করে দিলেও বৃষ্টি হলে এটি ডুবে যায়। এ কারণে তাঁর নাতি-নাতনিদের প্রায়ই স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।

কান্দিগ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান কালভার্টটি ভেঙে কয়েকমাস ফেলে রাখায় গত সাত-আট মাস মাথিউরা ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ খুবই কষ্ট করেছেন।

উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস বলেন, কাজ শুরু হলেও বৃষ্টি-বন্যার কারণে কালভার্টের নির্মাণকাজ ঝুলে আছে। আগামী এক সপ্তাহের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করতে পারবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।