BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গল রেলস্টেশনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


আগস্ট ২৩, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় পণ্য পাচারের তথ্য পেয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, অভিযানে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দ করা পণ্যগুলোর সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

বিজিবি আরও জানায়, অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পণ্যগুলো সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৪৬ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে দেশে পণ্য প্রবেশ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিজিবি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।