BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৮
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের


জুন ১১, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

শুরুর ধাক্কা সামলে তানজিদ তামিমের বিদায়ের পর ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে উইকেটে সেট হয়েও হাফ সেঞ্চুরির দেখা পাননি দুই টপ-অর্ডার ব্যাটার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তাদের দ্রুত বিদায়ে লক্ষ্য তাড়া করতে গিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা। ওই ধাক্কা সামলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবার অজিদের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজের তোপে শূন্য রানে ৩ উইকেট হারায়। একে একে ম্যাথু শট, কুপার কনোলি ও মাট রেনশ’ ফিরে যান। ওই ধাক্কা সামলে অজিরা ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করলে বৃষ্টি নামে। পরে জয়ের জন্য বাংলাদেশকে ৪১ ওভারে ১৯২ রানের টার্গেট দেওয়া হয়।

জবাব দিতে নেমে শূন্য রানে বাংলাদেশ ওপেনার তানজিদ তামিমকে হারায়। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও নাজমুল শান্ত ৮৬ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন। পরে আরও তিন উইকেট হারিয়ে ১২২ রানে ৪ উইকেট হয়ে যায় স্বাগতিকরা। কিছুটা চাপেও পড়ে। যা তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজ জুটি গড়ে সামাল দেন ও ৬ ওভার থাকতে দলকে জয় এনে দেন।

বাংলাদেশের হয়ে সৌম্য ও শান্ত ৪২ করে রান যোগ করেন। লিটন দাস ২১ রানের ইনিংস খেলেন। জয় দিয়ে শেষ টানা তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে ৫৫ বলে ৪০ ও অধিনায়ক মেহেদী মিরাজ ২২ বলে ২২ রান যোগ করেন। এর আগে অজিদের পক্ষে তিনে নামা অধিনায়ক জস ইংলিগ ৩৪ রান করেন। ক্যামেরুন গ্রিন ২৫ রানের ইনিংস খেলেন। মার্নাস লাবুশানে ৮৫ বলে ৫৫ ও জাভিয়ের ব্রাটলেট ৪৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন।

এর আগে বল হাতে তাসকিন আহমেদ ৮ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩ উইকেট দখল করা মুস্তাফিজ ৭ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট দখল করেন। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। বাঁ হাতি স্পিনার তানভীর ইসলাম নেন ২ উইকেট। বাংলাদেশ দলের সামনে এখন ৬বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।