BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৮
আজকের সর্বশেষ সবখবর

হাওরের কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা


এপ্রিল ২১, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

বোরো ফসলের ক্ষয়ক্ষতি কমাতে হাওরাঞ্চলে যেসব জমির ধান ৮০ শতাংশ পেকেছে, তা দ্রুত কেটে ফেলার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মঙ্গলবার (২১ এপ্রিল) সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও পাউবোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা, বাউলাইসহ অন্যান্য নদীর উজান অববাহিকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদীর পানি বাড়ছে। আগামী কয়েকদিন এসব নদ-নদীর পানি সমতল আরও দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে যেকোনো সময় আগাম বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

এ ছাড়া হাওরের অভ্যন্তরে বৃষ্টিপাতের কারণে অপেক্ষাকৃত নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। এমন সম্ভাব্য বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতিতে কৃষকদের বোরো ফসলের ক্ষয়ক্ষতি কমাতে যেসব জমির ৮০ শতাংশ ধান পেকেছে, তা দ্রুত কেটে ফেলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এদিকে, জেলার সব নদ-নদীর পানি বর্তমানে গড়ে বিপৎসীমার তিন মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।