BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫০
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার


মার্চ ৩১, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বরুড়ায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। সোমবার (৩০ মার্চ) রাতে পৌরসভার পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর (৫৫) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় ঘাতক আবুল কালামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ঘাতক কালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাঠানপাড়া এলাকার আলী আকবরের সঙ্গে ছেলে আবুল কালামের কথা কাটাকাটি হয়। এ সময় আলী আকবরকে ছেলে কালাম দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘাতক ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় কালামকে গ্রেফতার করে পুলিশ। বাবা-ছেলে দুজনই রিকশা চালক ছিলেন।

এ বিষয়ে বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, পারিবারিক কলহের জেরে বাবা ছেলের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ঘরে থাকা দা দিয়ে আলী আকবরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘাতক আবুল কালামকে গ্রেফতার করেছি। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বাবা ছেলের মধ্যে কি নিয়ে বিরোধ ছিল, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। স্বজনরা ঘাতক কালামের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি করলেও আমরা সে ধরনের উপসর্গ দেখিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।