BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪২
আজকের সর্বশেষ সবখবর

লেবুর রাজ্যে লেবুর দামে ঝাঁজ, প্রভাব পড়েছে দেশজুড়ে


ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ভোজন রসিকদের কাছে লেবু একটি অপরিহার্য খাবার। আর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেবুর চাহিদা রয়েছে দেশজুড়ে। এখানকার বিভিন্ন পাহাড়ি টিলা লেবু উৎপাদনের জন্য প্রসিদ্ধ হলেও বর্তমানে লেবুর রাজ্যেই লেবুর দাম হয়ে উঠেছে আকাশচুম্বী, যার প্রভাব পড়েছে দেশের বিভিন্ন বাজারে।

কয়েকদিন আগেও যেখানে প্রতিহালি লেবু ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হতো, সেখানে বর্তমানে সাইজভেদে দাম দাঁড়িয়েছে ৮০ থেকে ১৫০ টাকা। বাজারে বড় সাইজের লেবু বিক্রি হচ্ছে প্রায় ১০০ থেকে ১৫০ টাকায়, মাঝারি আকারের লেবু ৮০ থেকে ১০০ টাকা এবং ছোট সাইজের লেবু ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার জেলা শহরে বিভিন্ন বাজার ও শ্রীমঙ্গলের লেবুর আড়ত ঘুরে এমন চিত্র দেখা গেছে।

লেবুচাষি ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোজা উপলক্ষে নয়, বরং বাজারে সরবরাহ সংকটের কারণেই বেড়েছে লেবুর দাম। উৎপাদন কম ও সরবরাহের ঘাটতির কারণে হঠাৎ করেই এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাগান মালিকরা জানান, এ বছর বৃষ্টিপাত না হওয়ায় লেবুর ফলন কম হয়েছে। বাগান মালিক জুয়েল আহমদ চৌধুরী বলেন, পানির অভাবে ফুল ঝরে গেছে। স্বাভাবিক ফলনের চার ভাগের এক ভাগও হয়নি।

শ্রীমঙ্গল এলাকার লেবুচাষি জীবন মিয়া জানান, গত বুধবার ৫০০ লেবু বিক্রি করেছেন ৭ হাজার ৪শত টাকায়। যেখানে একপিস লেবুর দাম পড়েছে ১৪ টাকা ৮০ পয়সা। সপ্তাহখানেক আগে সমপরিমাণ লেবু বিক্রি করেছেন ৫ হাজার টাকায়।

২ হাজার পিস লেবু কিনেছেন পাইকারি বিক্রেতা জহির মিয়া। তিনি বলেন, গাড়িভাড়াসহ একটা লেবুর দাম পড়বে ১৬ টাকার মতো। এখন লেবুর উৎপাদন কম থাকায় বাজারে লেবুর পরিমাণ কম। তবে দাম বেশি। পাশাপাশি পাইকারও বেশি।

মৌলভীবাজার শহরের আড়ত থেকে ১৮ টাকা দরে প্রতিপিস লেবু কিনে খুচরা ২০-২৫ টাকায় বিক্রি করছেন বলে জানালেন টিসি মার্কেটের খুচরা বিক্রেতা রুহেল মিয়া।

স্থানীয় কয়েকজন ক্রেতা ক্ষুব্ধ হয়ে জানান, রোজার শুরুতে নানা ধরনের নিত্যপণ্যের দামবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেবুর দামও। বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার অধিদপ্তর টিমের মাধ্যমে মনিটরিং জোরদারের কথা জানিয়েছেন তারা।

গৃহিণী শারমিন আক্তার জানান, রোজার আগে একসঙ্গে বেশি লেবু কিনতাম। এখন দাম বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী কম কিনছি।

আরেক ক্রেতা নাজমুল হাসান বলেন, শ্রীমঙ্গলের লেবু মানেই ভালো মানের। কিন্তু দাম যদি এভাবে বাড়তেই থাকে, তাহলে সাধারণ মানুষের জন্য কেনা কঠিন হয়ে যাবে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন জানান, উপজেলায় ১ হাজার ২৩৫ হেক্টর জমিতে লেবু চাষ হয়। বৃষ্টিপাতের অভাবে ফলন কমেছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, প্রশাসন এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের সমন্বয়ে মোবাইল টিম বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় রোধে নিয়মিত অভিযান চালানো হবে।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন জানান, এখন লেবুর মৌসুম না। বর্তমানে যে লেবু পাওয়া যাচ্ছে, তাতে রস কম। চাহিদার চেয়ে জোগান কম, এ জন্য দাম বেড়ে গেছে। বৃষ্টি শুরু হলে লেবু পরিপক্ব হবে। জোগান বেড়ে যাবে, দামও কমবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।