বিডিসিলেট ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে আগুন লেগে তিন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) রাতে ব্যাংককের জনপ্রিয় ব্যাকপ্যাকার জেলার কাছে এ ঘটনা ঘটে।
হোটেলে অগ্নিকাণ্ডের পর তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্য সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ব্যাংককের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, এদিন রাতে ছয় তলা এম্বার হোটেলের পঞ্চম তলায় আগুন লাগে। ঘটনাস্থলে একজন নারী মারা যান। পরে হাসপাতালে নেয়ার পর দুইজন পুরুষকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা, এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
হোটেলটি ব্যাকপ্যাকারদের কাছে জনপ্রিয় হওয়ার পাশাপাশি বার এবং হোস্টেলের জন্য বেশ পরিচিত। ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন্ট সোমবার সাংবাদিকদের বলেছেন, আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানায়, কিন্তু অতি দ্রুত ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে।
গভর্নর বলেন, হোটেলে ৭৫ জন ছিলেন, যাদের মধ্যে ৩৪ জনকে ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার পর হোটেল এবং বিনোদনকেন্দ্রগুলোতে আগুন থেকে বাঁচার সুরক্ষা আছে কিনা, তা পরিদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। চ্যাডচার্ট বলেছেন, “আমাদের আত্মবিশ্বাস তৈরি করতে হবে এবং পর্যটকদের যত্ন নিতে হবে”।
থাইল্যান্ডে গত ০১ জানুয়ারি থেকে ০১ ডিসেম্বর পর্যন্ত ৩২ মিলিয়ন বিদেশি পর্যটকের আগমন রেকর্ড করা হয়েছে। এই সংখ্যা এক বছর আগের তুলনায় ২৮ শতাংশ বেশি। এসব পর্যটকরা দেড় ট্রিলিয়ন বাহট (৪৩.৬ বিলিয়ন ডলার) দেশটিতে ব্যয় করেছে। এর আগে ২০১৯ সালে করোনা মহামারীর আগে পর্যটক সংখ্যা প্রায় ৪০ মিলিয়নের রেকর্ড ছুঁয়েছিল। সূত্রে: রয়টার্স
