BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪০
আজকের সর্বশেষ সবখবর

পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, বাজারমূল্য নিয়ন্ত্রণে যথেষ্ট: বাণিজ্য মন্ত্রী


ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে উল্লেখ করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারমূল্য নিয়ন্ত্রণে এই মজুত যথেষ্ট। আজ শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এই দায়িত্বের গুরুত্ব বেড়ে যায়। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই রোজা চলে আসায় বিশেষ কিছু করার সময় কম ছিল, তবে আশার কথা হলো আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। বাজারমূল্য নিয়ন্ত্রণে এই মজুত যথেষ্ট।

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে। পার্শ্ববর্তী দেশগুলো বড় বড় ডিজিটাল স্কিম গ্রহণ করছে, সরকারি কর্মকর্তাদের এআই (এআই) প্রশিক্ষণ দিচ্ছে। আমরা পিছিয়ে থাকলে বিশ্ব আমাদের করুণার দৃষ্টিতে দেখবে। তাই আগামী পাঁচ বছরের প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জীবনমান উন্নয়নের কাজগুলো অগ্রাধিকার পাবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি ও আইটি খাতের প্রসারে জোর দেওয়া হবে। সিলেটে একটি এআই (এআই) সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণাও দেন তিনি। আইটি পার্কে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে। সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রয়োজন। আমরা এসব বাধা দূর করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি, যার প্রতিফলন দ্রুতই দৃশ্যমান হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।