BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪১
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী


ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘দায়িত্ব গ্রহণের পরপরই প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করার চেষ্টা করেছি।’

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিমানযোগে প্রথমবার সিলেট আসেন আরিফুল হক চৌধুরী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘দায়িত্ব গ্রহণের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করার চেষ্টা করেছি।

সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’ তিনি বলেন, ‘বিদেশ গমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কারো প্রতি কোনো বিদ্বেষ না রাখার প্রত্যয় ব্যক্ত করে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘কারো প্রতি বৈরী মনোভাব না রেখে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। উন্নয়ন কর্মকাণ্ডের রোডম্যাপ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা ১৮০ দিনের কর্মপন্থা গ্রহণ করেছি। দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাট, বিমানসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা সব সংসদ সদস্য বসব।’ মন্ত্রী বলেন, ‘এখন থেকেই আমাদের এলাকার জন্য কাজ শুরু করতে হবে।

সময় খুব সীমিত, পাঁচ বছর খুব অল্প। দোয়া করবেন যেন সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে কাজ করতে পারি।’ তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সেই রায়ের প্রতি সম্মান রেখে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন। এটি সিলেটের জনগণের জন্য তাঁর উপহার। এর আগে সিলেট পৌঁছালে বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান প্রশাসনের কর্মকর্তা ও বিপুলসংখ্যক নেতাকর্মী।

নবনিযুক্ত মন্ত্রী হিসেবে এটি আরিফুল হক চৌধুরীর প্রথম জেলা সফর। চার দিনের এই সফরে তিনি তার রাজনৈতিক গুরু ও আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে তিনি বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে যান।

আগামীকাল শুক্রবার দুপুরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও জুমার নামাজ আদায় করবেন মন্ত্রী। বিকেলে দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শনিবার তিনি মৌলভীবাজারে যাবেন। সেখানে তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।